ইনস্টিটিউটে শিক্ষার্থীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে গতকাল বুধবার তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন। এ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা চার দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও টায়ারে অগ্নিসংযোগ করেন। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করেন।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের কৃষিতে উচ্চশিক্ষার সুযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ, সব এটিআইতে উপবৃত্তি ও কৃষি ডিপ্লোমাধারীদের কাগজে-কলমে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় অন্তর্ভুক্ত করাসহ চার দফা দাবিতে তাঁরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। কিন্তু তাঁদের দাবি পূরণে সরকার ‘টালবাহানা’ করছে। তাই তাঁরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছেন। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাঁদের দাবি দ্রুত পূরণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেবেন।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল বারী জানান, শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।