ইনানীতে পর্যটকদের ভোগান্তি
কক্সবাজার শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাথুরে সৈকত ইনানী ভ্রমণে গিয়ে পর্যটকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। সৈকতে নামার আগে গাড়ি পার্কিং ও সাঁকো পারাপারের বিপরীতে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই। পর্যটকেরা অভিযোগ করেন, সৈকতে নামার আগে প্রধান সড়কে তাঁদের (পর্যটকদের) কাছ থেকে যানবাহনের বিপরীতে ৬০ থেকে ৩৫০ টাকা করে চাঁদা আদায় করেছেন কতিপয় যুবক। আবার সৈকতে নামার আগে বালুচরে তৈরি কাঠের ছোট্ট একটি সাঁকো পারাপারের বিপরীতেও পর্যটকদের মাথাপিছু পাঁচ টাকা করে চাঁদা দিতে হয়েছে। এতে পর্যটকেরা হয়রানির শিকার হচ্ছেন। ঢাকার মগবাজার থেকে ভ্রমণে আসা পর্যটক মনছুর আলম চৌধুরী (৫৪) বলেন, ‘গত দুই দিন গাড়ি নিয়ে কক্সবাজার সৈকত ভ্রমণ করেছি। গাড়ি রাখার বিপরীতে সেখানে কাউকে চাঁদা দিতে হয়নি। অথচ নোংরা ও অপরিচ্ছন্ন এই ইনানী সৈকতে জোর করে ১০০ টাকা হাতিয়ে নিল চাঁদাবাজেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা গেল না।’নোয়াখালীর মাইজদী থেকে পিকনিকে আসা একটি চেয়ারকোচের চালক হেলাল উদ্দিন (৪৫) বলেন, সড়কের পাশে সরকারি খালি জায়গায় বাসটি রাখার বিপরীতে কয়েকজন যুবক জোর করে ৩৫০ টাকা চাঁদা আদায় করে। চাঁদার বিপরীতে রসিদও দেয়নি।ইনানী সৈকতের গাড়ি পার্কিং ইজারাদার নুরুল আমিন সিকদার বলেন, প্রশাসনের নির্দেশমতো প্রতি মাইক্রো থেকে ৫০, মিনিবাস ১০০ ও বড় বাস থেকে ২৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। কারা অতিরিক্ত চাঁদা আদায় করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কাঠের সাঁকো পারাপারের বিপরীতে চাঁদা আদায় করছে ‘প্যাভেল স্টোন’ নামের একটি হোটেল কর্তৃপক্ষ। এই হোটেলের কর্মচারী ছৈয়দ আলম বলেন, হোটেল কর্তৃপক্ষের নির্দেশে তিনি সাঁকো পারাপারের বিপরীতে মাথাপিছু পর্যটক থেকে পাঁচ টাকা করে চাঁদা আদায় করছেন। এই টাকায় পরবর্তী সময়ে কাঠের সাঁকোটি মেরামত করা হবে। হোটেল কর্তৃপক্ষ মো. মাইনুদ্দিন বলেন, চাঁদা আদায়ের বিষয়টি স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছেন। সাঁকোটি না থাকলে পর্যটকেরা খালের পানি অতিক্রম করে সৈকতে নামতে সমস্যায় পড়তেন। ইনানী সৈকত ট্যুরিস্ট পুলিশের হাবিলদার রিপন চাকমা বলেন, লোকবল সংকটের কারণে বিপুলসংখ্যক পর্যটকের সেবা দিতে পারছে না পুলিশ। তার পরও পর্যটকেরা যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. জহিরুল ইসলাম সৈকতে চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, নীতিমালা অনুযায়ী ইজারাদার গাড়ি পার্কিংয়ের বিপরীতে টাকা আদায় করছেন। কিন্তু সাঁকো পারাপারের বিপরীতে চাঁদা আদায়ের বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।