ইনানীর আকাশে উড়ল ডলফিন কচ্ছপ তিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে পাথুরে সৈকত উখিয়ার ইনানী। এখানে আছে খোলা আকাশ আর অবিরত হুহু বাতাস। স্থানীয় লোকজন গতকাল শুক্রবার সকালে দেখে, আকাশে উড়ছে হাঙর, ডলফিন, তিমি, কচ্ছপ, জেলিফিশ, মত্স্যকন্যা, গোখরা, অজগর, প্রজাপতি—আরও কত কিছু।সৈকতে বেড়াতে আসা বিপুলসংখ্যক পর্যটকও বালুচরে দাঁড়িয়ে আকাশে সামুদ্রিক প্রাণীদের এসব ওড়াউড়ি দেখে। প্রাণীগুলোর সব কটিই আসলে ঘুড়ি। সৈকতে গতকাল ছিল ঘুড়ি উত্সব। এর আয়োজন করে ঢাকার চারুশিল্পীদের সংগঠন ‘ছবির হাট’। ঢাকার ২২ জন চারুশিল্পী ছাড়াও অর্ধশতাধিক অতিথি এবং স্থানীয় শতাধিক শিশু-কিশোর সকাল ১০টা থেকেই এই ঘুড়ি উত্সবে মেতে ওঠে।হইহুল্লোড়ের মধ্যে একটা ডলফিন ঘুড়ি ওড়াচ্ছিলেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য। তিনি বলেন, আকাশে ঘুড়ি ওড়ানোর কৌশল জানতে হয়। ঘুড়ি নিয়ন্ত্রণ করার কায়দা আয়ত্তে আনতে হয়। ঘুড়ি নিয়ন্ত্রণে রাখা রীতিমতো অসাধ্য ব্যাপার। আর একা একা ঘুড়ি ওড়ানোর চেয়ে এভাবে মিলেমিশে ওড়ানোর মজা অনেক।ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রাব্বি (১২) জানায়, ‘ঢাকা থেকে স্যাররা আমাদের জন্য বড় বড় ঘুড়ি নিয়ে এসেছেন। আমরা মজা করে সেই ঘুড়ি ওড়াতে পারছি। খুব মজা হচ্ছে, খু-উ-ব। ঢাকা থেকে আসা নাজনীন খন্দকার গতকাল দুপুরে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, জীবনে এই প্রথম ঘুড়ি ওড়াচ্ছি। কী যে আনন্দ পাচ্ছি, বলে বোঝানো যাবে না।’উত্সব উপলক্ষে নানা প্রজাতির প্রায় ৫০০ ঘুড়ি বানানো হয়েছিল। শিশু-কিশোরদের মধ্যে সেগুলো বিনা মূল্যে বিতরণ করা হয়। রংবেরঙের এসব ঘুড়ি হাতে পেয়ে শিশু-কিশোরেরা দারুণ খুশি। সারা দিন ঘুড়ি ওড়ানোর পর সন্ধ্যায় নিজ নিজ ঘুড়িগুলো বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে তারা আরেক দফা বিস্মিত হয়। আনন্দে লাফিয়ে ওঠে তারা।