ইনানীর পাহাড়ে আগুন ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সংরক্ষিত বনাঞ্চল আগুনে পুড়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে নানা বন্য প্রাণীসহ জীববৈচিত্র্য। পাহাড়ে বসবাসকারী লোকজন জুমচাষের জন্য গত শুক্রবার থেকে বনাঞ্চলে আগুন দিয়েছে। স্থানীয় লোকজন বলেন, গত শুক্রবার বিকেল থেকে পাহাড়িরা উপজেলার মাদারবনিয়া, চোয়াংখালী, মনখালী, জোকবন্যা, কেরনতলী, লাল পাইন্যা, হাতিমারা, হরিখোলা গ্রামের পাহাড়ে আগুন দেয়। গত শনিবার বিকেল পর্যন্ত আগুনে অসংখ্য গাছপালা, জঙ্গল পুড়ে গেছে। ধ্বংস হচ্ছে বন্য প্রাণী বানর, বাদুড়সহ নানা জীববৈচিত্র্য। চোয়াংখালী চাকমাপাড়ার বাসিন্দা মলাই থোইংগ্যা চাকমা (৫৫), রইমং চাকমা (৪৫) ও থাইংগ্যা ধং চাকমা (৪৮) বলেন, তাঁরা এসব পাহাড়ে জুম চাষ করে আসছেন। এটা তাঁদের আদি পেশা। জুমচাষ না হলে তাঁদের না খেয়ে মরতে হবে। আগুনে পোড়ানো পাহাড়ে ধান, ভুট্টা, মরিচ, সরিষা, মিষ্টি কুমড়া, মারমা, আদা, হলুদসহ বিভিন্ন প্রকার সবজি চাষাবাদের মাধ্যমে প্রায় ১০ হাজার পাহাড়ি জীবিকা নির্বাহ করে। ইনানী বন রক্ষা কমিটির সভাপতি নুরুল আবছার বলেন, জুমচাষের নামে শত শত একর বনভূমি পুড়িয়ে দখলের নেপথ্যে বন বিভাগের কতিপয় কর্মচারীর যোগসাজশ রয়েছে। চোয়াংখালী ইউপির সদস্য জাহেদ হোসেন বলেন, বনজঙ্গল পুড়িয়ে জুমচাষ করার ফলে এলাকার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। আগুন নিভিয়ে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা জরুরি। ইনানী বন রেঞ্জ কর্মকর্তা সুনীল কুমার দেবরায় পাহাড়ে আগুন দিয়ে জুম চাষ করার কথা স্বীকার করে বলেন, আগুন দেওয়ার অপরাধে ছয় উপজাতিকে অভিযুক্ত করে পৃথক দুটি মামলা করা হয়েছে। তার পরও জুমচাষ বন্ধ করা যাচ্ছে না।