ইনামুল বারী বিমানের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নতুন চেয়ারম্যান হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী। তাঁকে প্রধান করে আজ মঙ্গলবার ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের সার্বিক উন্নয়ন এবং কাজে গতিশীলতা আনতে ২০১৬ সালের জন্য ইনামুল বারীকে নতুন পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

বিমান বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন জামালউদ্দিন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে তিনি এই পদে ছিলেন। জামালউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন ইনামুল।
আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
বোর্ডের পরিচালকেরা হলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, বিমানবাহিনীর সহকারী প্রধান (অপারেশন অ্যান্ড ট্রেনিং), বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, আইনজীবী তানজিবুল আলম, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, ইমার্জিং রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর-ই-খোদা আব্দুল মবিন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।