জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার এ রুল দেন। পাশাপাশি রিভিউ (পুনর্বিবেচনার) আবেদন খারিজ করে দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বেআইনি হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি), ইসি সচিব ও হাসানুল হক ইনুকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইসির দুটি সিদ্ধান্তের বৈধতা নিয়ে জাসদের অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ২৬ সেপ্টেম্বর রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্দীন মালিক। তাঁকে সহায়তা করেন আইনজীবী এম মনজুর আলম।