ইনুর অংশকে 'মশাল' বরাদ্দ কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার এই রুল দেন।
চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন (ইসি), ইসি সচিব ও হাসানুল হক ইনুকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনটি করেন জাসদের অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
রিটের পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ্দীন মালিক।
গত ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের নির্বাচন-পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ জাতীয় প্রেসক্লাবে গিয়ে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।

পরে উভয় পক্ষ নিজেদের কমিটি গঠন-সম্পর্কিত তথ্য নির্বাচন কমিশনে জমা দেয়। বিবাদ নিষ্পত্তির জন্য কমিশন উভয় পক্ষের শুনানি নেয়। শুনানি শেষে জাসদের হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেয় ইসি।