ইনুর আসনে আ.লীগের কেউ মনোনয়ন চাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে আওয়ামী লীগের দলীয় নেতারা মনোনয়ন ফরম কিনেছেন। একমাত্র কুষ্টিয়া-২ আসনে (ভেড়ামারা-মিরপুর উপজেলা) আওয়ামী লীগের দলীয় কোনো নেতা দলের মনোনয়ন চাননি। এই আসনের বর্তমান সাংসদ হলেন মহাজোটের শরিক জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি এবারও জাসদ থেকে প্রার্থী হচ্ছেন।
কুষ্টিয়া-২ আসন থেকে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির আবদুর রউফ চৌধুরী এবং ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির শহীদুল ইসলাম নির্বাচিত হন। সর্বশেষ ২০০৮ সালের সংসদ নির্বাচনে মহাজোটের শরিক হয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
এই আসনের ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি। তবে তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জন্য দলের মনোনয়ন ফরম কিনেছেন।
আওয়ামী লীগের ভোড়ামারা ও মিরপুর উপজেলা শাখার দুজন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ও কামরুল আরেফিন প্রথম আলোকে বলেন, মাহবুব উল আলম হানিফ মনোনয়ন ফরম না কেনায় দলের এখানকার অন্য কেউ এখানে প্রার্থী হওয়ার আগ্রহ দেখাননি।
জাসদের মনোনয়ন চূড়ান্ত: এদিকে গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের মনোনয়ন বোর্ড ১১৬ জনকে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাসদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, নড়াইল-১ আসনে শরীফ নুরুল আম্বিয়া, চট্টগ্রাম-৮ আসনে মঈন উদ্দিন খান বাদল, ঢাকা-১৪ আসনে শিরীন আখতার ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শাহ জিকরুল আহমেদ।