ইনুর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও ষড়যন্ত্রমূলক: নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়াকে নিয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি ইনুকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে আবদুল্লাহ আল নোমান এই আহ্বান জানান। গত সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় হাসানুল হক ইনু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছিলেন, ‘যুদ্ধাপরাধী, জঙ্গি, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক শক্তিকে মাইনাস করুন, না হয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যান।’ ইনুর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবদুল্লাহ আল নোমান বলেন, ইনু যে কথা বলেছেন, তা অরাজনৈতিক ও সংসদীয় রাজনীতির বাইরে। রাজনীতিতে এটা অস্ত্রের ভাষা। তিনি বলেন, ‘ইনু কি সংসদীয় রাজনীতির বদলে অস্ত্রের রাজনীতিতে ফিরে যেতে চান? যদি ইনুরা অস্ত্রের ভয় দেখান এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ষড়যন্ত্রের রাজনীতি করতে যান, তাহলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।’ ইনু কোন প্রেক্ষাপটে এ ধরনের কথা বলেছেন, এর ব্যাখ্যা চান নোমান।এদিকে জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক সেনাশাসক ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তাঁকে স্বৈরাচার না বলতে সাংসদদের কাছে আবেদন করেন। পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল বলেন, ‘আমরা তাঁকে দুঃখ দিতে চাই না। বাস্তব কথাটা বলতে চাই, আমরা সেদিন কার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তাঁকে তা বুঝতে হবে। আমরা সহযাত্রী, তিনি দুঃখ পান, আমরা তাঁকে স্বৈরাচার বলব না।’