ইন্টারনেট উৎসব নিয়ে রাঙামাটিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব নিয়ে রাঙামাটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জগৎ দেখার এ উৎসাহকে প্রাণবন্ত ও সুশৃঙ্খল করতে রাঙামাটির বন্ধুসভা প্রস্তুতি শুরু করেছে। এ উপলক্ষে গতকাল সোমবার প্রথম আলো রাঙামাটি অফিসে বন্ধুসভার সদস্যদের প্রস্তুতি সভা হয়। ১২ অক্টোবর রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে উৎসব অনুষ্ঠিত হবে।প্রস্তুতি সভায় রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ত্রিবিজয় চাকমা বলেন, শিক্ষার্থীদের জগৎ দেখার যে আয়োজন প্রথম আলো ও গ্রামীণফোনের পক্ষ থেকে করা হয়েছে, তা খুবই প্রশংসাযোগ্য। ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থী-অভিভাবকদের স্পষ্ট ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ত্রিবিজয় চাকমা। প্রথম আলোর রাঙামাটির নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা বলেন, প্রথম আলো শুধু একটি দৈনিক পত্রিকা নয়, সামাজিক দায়িত্ববোধসম্পন্ন একটি প্রতিষ্ঠানও। ‘বদলে দাও, বদলে যাও’ স্লোগান ধারণ করে সমাজে যা কিছু খারাপ তা বদলে ফেলে ভালোকে গ্রহণ করতে পত্রিকাটি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বন্ধুসভার সহসভাপতি উথান মারমা বলেন, ‘ইন্টারনেট উৎসবকে আনন্দঘন করতে প্রয়োজনীয় সব কিছুই আমরা করব।’ সাধারণ সম্পাদক মো. ইউনুস বলেন, ‘উৎসবকে সফল ও সার্থক করতে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।’