ইন্টারনেট গ্রাহকদের ভ্যাটের আওতামুক্ত রাখার সুপারিশ
আসন্ন বাজেটে ইন্টারনেট গ্রাহকদের মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতামুক্ত রাখার সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। মুঠোফোনের ভ্যাট সাড়ে ১২ শতাংশ থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণেরও সুপারিশ করা হয়।জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, খালিদ মাহ্মুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন এবং গোলাম মোস্তফা অংশ নেন। সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সিম কার্ডের ওপর বিদ্যমান ৮০০ টাকা কর বাতিলেরও সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, আগামী জুলাই মাসে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ল্যাপটপ বাজারজাত করবে। তিনটি মডেলের এসব ল্যাপটপের দাম হবে যথাক্রমে ১২, ১৮ ও ২৭ হাজার টাকা।সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান কমিটির সভাপতি হাসানুল হক। তিনি বলেন, বর্তমানে ইন্টারনেট গ্রাহকেরা ১৫ শতাংশ ভ্যাট দেন। গ্রাহকদের এর আওতামুক্ত রাখা হলে ইন্টারনেট ব্যবহার বাড়বে। মুঠোফোনের ব্যবহার বাড়লে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এ কারণেই আসন্ন বাজেটে সিম কার্ড ও মুঠোফোনের ওপর ভ্যাট কমানোর সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি বলেন, সিম কার্ড আমদানির ওপর যে ভ্যাট আছে সেখানে দুর্নীতির অভিযোগ আছে। এ কারণে এই ভ্যাট কমিয়ে ৬০ থেকে ৭০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।সূত্র জানায়, সভায় আগামী বাজেটে টেলিযোগাযোগ খাতে ব্যবহূত যন্ত্রপাতিসহ অন্যান্য খাতে শুল্ক কমানোর প্রস্তাব সংসদীয় কমিটি সরাসরি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এ ছাড়া ইন্টারনেটভিত্তিক যন্ত্রপাতির ওপর ট্যাক্স ৪ শতাংশ ধার্যের সুপারিশ করা হয়।