ইন্টারনেট পেনসিল নয় যে লিখে তা আবার মুছে ফেলা যাবে

আজ শুক্রবার সাইবার বুলিং প্রতিরোধ দিবস। জুন মাসের তৃতীয় শুক্রবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বাংলাদেশে এর আগে সেভাবে পালন করা না হলেও এবার বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান দিবসটি পালন করছে। ‘স্টপ সাইবার বুলিং ডে’ ওয়েবসাইটের তথ্যমতে, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৬০ শতাংশ অনলাইন বুলিং বা হয়রানির শিকার হয়। বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর মাত্রা। কীভাবে অনলাইনে হয়রানি থেকে শিক্ষার্থীসহ সবাই সচেতন হতে পারে, সে বিষয়ে কথা বলেছেন এই বিশিষ্টজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাত রহমান

সাইবার বুলিং কথাটার সঙ্গে এখন আমরা কমবেশি সবাই পরিচিত। কিছুদিন ধরেই নিউজফিডে 'Stop Cyberbullying' হ্যাশট্যাগ চোখে পড়ছে। সাইবার বুলিংয়ের প্রভাব যে কতটা কষ্টের হতে পারে, তা শুধু বুলিংয়ের শিকার যে হয়, সে–ই বুঝতে পারে। বিশেষ করে কিশোর–কিশোরীরা সাইবার বুলিংয়ের শিকার হলে একদমই ভেঙে পড়ে।
আমরা প্রায় সময় মজা করে বন্ধুদের অথবা কোনো সেলিব্রিটির পোস্টে অপ্রয়োজনীয় মন্তব্য করে মজা পাই। কিন্তু একবারও যাঁর প্রোফাইলের নিচে মন্তব্য করলাম, তিনি কষ্ট পেলেন কি না ভেবে দেখি না। মনে রাখতে হবে, ইন্টারনেট পেনসিল নয় যে লিখে তা আবার মুছে ফেলা যাবে। ইন্টারনেট হচ্ছে কলমের মতো। কোনো মন্তব্য বা খুদে বার্তা পাঠানোর আগেই তা নিয়ে ভাবতে হবে। স্কুলে বুলিংয়ের শিকার হয়নি এ রকম শিক্ষার্থী হয়তো খুঁজে পাওয়া যাবে না।

আমার মনে হয়, ছোটবেলা থেকেই সন্তানদের ভালো করে শেখাতে হবে যে কাউকে বুলিং করা যাবে না, সেটা অনলাইনে হোক বা অফলাইনে। শুধু পরিবারের ওপর দায়িত্ব দিলেই হবে না, বিদ্যালয়কেও এই ব্যাপারে সচেতন থাকতে হবে; বিশেষ করে পাঠ্যপুস্তকে একটি বিশেষ অধ্যায় রাখা উচিত। আর যারা সাইবার বুলিং করছে, তাদের কোনোভাবেই সমর্থন করা যাবে না।