ইন্টারনেট বদলে দিচ্ছে প্রতিমার শৈল্পিক সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে ভারতের বিখ্যাত একটি মন্দিরের প্রতিমা দেখে পাবনা শহরের শহীদ পল্টু ক্লাব মন্দিরে এই প্রতিমাটি তৈরি করা হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ইন্টারনেটে ভারতের বিখ্যাত একটি মন্দিরের প্রতিমা দেখে পাবনা শহরের শহীদ পল্টু ক্লাব মন্দিরে এই প্রতিমাটি তৈরি করা হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

অষ্টনাগ ফণা তুলে আছে। আট ফণার ছায়ায় দেবী দুর্গাসহ অন্যরা। দৃষ্টিনন্দন এই প্রতিমাটি গড়েছে পাবনা শহরের শহীদ পল্টু ক্লাব। আবার চার বেহারার পালকিতে চড়ে আসছেন দেবী দুর্গা। চারপাশ থেকে দেবীকে অনুসরণ করছেন অন্যরা।
এমন আরও একটি প্রতিমা গড়ে শহরবাসীর দৃষ্টি কেড়েছে সিঙ্গা মধ্যপাড়া দুর্গামন্দির। দুর্গাপ্রতিমা তৈরি নিয়ে পাবনার মন্দিরগুলোর নীরব প্রতিযোগিতা দীর্ঘদিনের। ইন্টারনেটে নকশা দেখার সুবিধা এই প্রতিযোগিতায় যোগ করেছে নতুন মাত্রা। দেশ-বিদেশের হাজারো ছবি থেকে বাছাই করে নেওয়া হচ্ছে নকশা। ফলে দুর্গাপ্রতিমা তৈরি ও সাজসজ্জায় লাগছে শৈল্পিক ছোঁয়া।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরে মন্দিরে দুর্গাপূজার সাজসজ্জা ও প্রতিমা তৈরি নিয়ে একটি নীরব প্রতিযোগিতা চলে। ফলে প্রতিটি মন্দির কর্তৃপক্ষ নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। আগে প্রতিমা কারিগর ও ডেকোরেটর মালিকদের ওপরই এই প্রতিযোগিতার ভালোমন্দ নির্ভর করত। কিন্তু বর্তমানে ইন্টারনেটের সুবাদে ধারাটা পাল্টেছে। এখন প্রতিটি মন্দির কর্তৃপক্ষ গুগলের সাহায্যে অসংখ্য প্রতিমার ছবি দেখে নকশা বাছাই করছে। কারিগরেরা সেই অনুযায়ী প্রতিমা তৈরি করে দিচ্ছেন। ফলে দুর্গাপ্রতিমা তৈরিতে একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া লেগেছে অন্যদিকে যোগ হয়েছে শৈল্পিকতা। প্রতিমা প্যান্ডেল, আলোকবাতি সবকিছুতেই এখন বাছাই করা নকশা ব্যবহার করা হচ্ছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ও গতকাল বুধবার দুপুরে সরেজমিনে জেলা সদরের কয়েকটি দুর্গামন্দির ঘুরে দেখা যায়, বড় বড় তোরণ ও আলোকবাতিতে সেজে উঠেছে মন্দিরগুলো। কিছু কিছু মন্দিরে কর্কশিটে কাটা নকশা যোগ করেছে নতুন মাত্রা। বিশাল আকৃতির তোরণগুলোতেও রয়েছে প্রযুক্তির ছোঁয়া। গতানুগতিক বাঁশ-কাপড়ের পরিবর্তে এবার তোরণ তৈরি হয়েছে এলইডি লাইট দিয়ে। ঝলমলে আলোকবাতি ফুটিয়ে তুলছে রং-বেরঙের নকশা।
শহরের গোপালপুর মহল্লার ইসহাক লেনের পল্টু ক্লাব দুর্গামন্দির থেকে বিপুল কুণ্ডু বলেন, প্রায় ১০ লাখ টাকার বাজেট নিয়ে তাঁরা এবার পূজার কাজ শুরু করেন। ইন্টারনেটে ভারতের বিখ্যাত কিছু প্রতিমার ছবি দেখে বাছাই করা হয়েছে নকশা। তোরণ ও প্যান্ডেলের নকশাও ঠিক করা হয়েছে ইন্টারনেট থেকেই। সে অনুযায়ী কারিগরেরা সবকিছু তৈরি করেন।
কাচারিপাড়া মহল্লার কাচারিমন্দির থেকে অচিন্ত্য কুমার ঘোষ বলেন, ‘দুর্গাপূজা এখন আর গতানুগতিক নেই। প্রতিমা তৈরি ও আলোকসজ্জা থেকে শুরু করে সবকিছুতেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আর এসবই হচ্ছে ইন্টারনেটের বদৌলতে। আমাদের মন্দিরে প্রচুর মানুষের ভিড় থাকে। ফলে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে মন্দির থেকে সরাসরি প্রতিমার ছবি প্রদর্শন করা হচ্ছে।’
জেলার চাটমোহর উপজেলা সদরের রনি রায় বলেন, শুধু শহরেই নয় গ্রামের দুর্গামন্দিরগুলোতেই এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে। গ্রামের মানুষও ইন্টারনেট থেকে বাছাই করে প্রতিমা তৈরি করছে। সাজসজ্জায় বাড়াচ্ছে প্রযুক্তির ব্যবহার। ফলে আগের তুলনায় এখন পূজা আরও জমজমাট হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক বাদল কুমার ঘোষ বলেন, এবার জেলার নয়টি উপজেলায় ৩০৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি মন্দির তাদের প্রতিমা ও সাজসজ্জা দিয়ে মানুষের নজর কাড়তে চেষ্টা করেছে। আর এ প্রতিযোগিতায় সহায়ক হিসেবে কাজ করছে ইন্টারনেট। ফলে এবার দুর্গাপূজায় নতুন মাত্রা যোগ হয়েছে।