ইন্টারনেট ব্যবহার নিরাপদ করতে নতুন আইন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫’ উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও অতিথিদের সঙ্গে নিয়ে সেলফি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবিটি প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫’ উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও অতিথিদের সঙ্গে নিয়ে সেলফি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবিটি প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির নিরাপদ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ প্রণয়ন করতে যাচ্ছে। গতকাল শনিবার গণভবন থেকে ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বনানী সোসাইটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদারের সঙ্গে কথা বলেন। এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, রংপুরের পীরগঞ্জ, সিলেটের কোম্পানীগঞ্জ, নাটোরের সিংড়া এবং বরিশাল সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতাদের সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ রাখতে হবে এবং এটিকে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না।
তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের পাশাপাশি এটির নিরাপদ ব্যবহার গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অশুভ মনোভাব নিয়ে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকার বিষয়ে জনগণের মধ্যে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠিসহ অনেকে।
এদিকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতে’—স্লোগান নিয়ে গতকাল থেকে শুরু হলো বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫। নানা আয়োজনের অংশ হিসেবে গতকাল থেকে বনানী খেলার মাঠে ইন্টারনেট মেলাও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী যখন ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করেন তখন সরাসরি তা বড় পর্দায় মেলা প্রাঙ্গণেও দেখানো হয়।
বেসিস, আইসিটি বিভাগ ও গ্রামীণফোন যৌথভাবে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহের আয়োজন করেছে। আয়োজকেরা জানান প্রতিবছর নতুন এক কোটি ইন্টারনেট ব্যবহারকারী তৈরির উদ্দেশ্য নিয়ে এ আয়োজন। ঢাকা, রাজশাহী ও সিলেটে বড় তিনটি মেলাসহ দেশের ৪৮৭টি উপজেলায় পালিত হচ্ছে এই উৎসব।
বনানী মাঠে ইন্টারনেট মেলা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। ইন্টারনেট সপ্তাহের আহ্বায়ক রাসেল টি আহমেদ প্রথম আলোকে বলেন, এই মেলায় প্রায় ১০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় প্রতিদিন ব্যান্ড সংগীত পরিবেশনা থাকছে। আজ রোববার মেলায় আসবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই মেলায় ই-কমার্স প্রতিষ্ঠান, মোবাইল অ্যাপ নির্মাতা, ওয়েব পোর্টাল, যন্ত্র নির্মাতা, ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
দেশব্যাপী ইন্টারনেট সপ্তাহের নানা আয়োজন চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ সেপ্টেম্বর রাজশাহীর নানকিন বাজার ও ১১ সেপ্টেম্বর সিলেটের সিটি ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৪৮৭টি উপজেলার প্রতিটিতে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এই সপ্তাহ উদ্যাপন করা হবে। বিস্তারিত: www.bangladeshinternet.org ।