ইন্টারনেট ব্যবহারে বিশ্ব জয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
ফরিদপুরে আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

‘হাঁটুর নিচে দুই পা নেই। হুইল চেয়ারই ভরসা। দুই হাতও স্বাভাবিক নয়। দুই কনুই দিয়ে অনেক কষ্টে মাউস ধরি। কারণ ইন্টারনেট ব্যবহার করে বিশ্ব জয়ের স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি, ইন্টারনেট জয় করতে পারলে বিশ্ব হাতের মুঠোয় ধরা দেবে।’
বগুড়ায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতায় অংশ নিয়ে কথাগুলো বলছিল বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আসিফ করিম ওরফে আলিফ। বগুড়ার উপশহরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ওই প্রতিযোগিতায় জেলার ১৬ বিদ্যালয়ের ১২০ জন প্রতিযোগী অংশ নেয়।
বগুড়া ছাড়াও গতকাল লক্ষ্মীপুর ও ফরিদপুরে আই-জেন প্রতিযোগিতায় অংশ নিয়েছে ওই দুই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫৪ জন শিক্ষার্থী।
বগুড়া: সকাল আটটা বাজতে না বাজতেই মুষলধারে বৃষ্টি নামে। ওই বৃষ্টি উপেক্ষা করে আই-জেন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইন্টারনেট জয়ের প্রত্যয় ব্যক্ত করে ১২০ শিক্ষার্থী। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। দলীয় উপস্থাপনায় সেরা হয় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হলো শেখ সাদিক হাসিব বিন আহমেদ, সামি আশফাক, সাইমুন শিহাব এবং মাইশা মান্নান। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ। বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিভাগের শিক্ষক সাজেদুল ইসলাম এবং প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ।
লক্ষ্মীপুর: শহরের একটি পার্টি সেন্টারে প্রতিযোগিতায় অংশ নেয় জেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী। সকাল সাড়ে আটটায় শুরু হয় নিবন্ধন কার্যক্রম। তার অনেক আগেই অনুষ্ঠানস্থলে হাজির হয় প্রতিযোগীরা। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে আই- জেন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বুদ্ধির লড়াইয়ে এমসিকিউ, গেম জোন ও দলীয় উপস্থাপনার ধাপগুলো পেরিয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় রায়পুর মার্চেন্টস একাডেমি। দলীয় উপস্থাপনায় সেরা পাঁচ বিজয়ী হলো রাফি ওসমানী, নকিবুল ইসলাম, এস এইচ এ জালিস, কান্ত ভট্টাচার্য ও সালমান ফারসি।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান, জনতা কলেজের বাংলার প্রভাষক রাফি নাহিদ ও অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
ফরিদপুর: শহরের অম্বিকা মেমোরিয়াল হলে প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৪ জন শিক্ষার্থী। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দলীয় উপস্থাপনায় সেরা হয় ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিজয়ী শিক্ষার্থীরা হলেন অনিকা তাহসিন, সামিয়া সিরাজ, ফারিহা সুলতানা, মিতু ঘোষ ও মোহনা সাহা। অনুষ্ঠানের বিচারক ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক।
আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনে জেলা পর্যায়ে অংশ নিচ্ছে এক হাজারটি স্কুল দল। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয়ের বিজয়ী দলগুলো অংশ নিচ্ছে। আই-জেন আয়োজনে সহায়তা করছে প্রথম আলো বন্ধুসভা।