ইন্টারনেট ব্যবহারেও বিশ্ব জয় করবে বাংলাদেশ
‘আমরা সবাই যে যার কাজের ক্ষেত্রে ভালো করার চেষ্টা করছি। আমরা সব সময়ই ইন্টারনেটের প্রচার করছি। কারণ, এটা থেকে অনেক কিছু শেখার সুযোগ আছে। তবে এ জন্য এর কার্যকরী ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা অবশ্যই ইন্টারনেট প্রচারণার এই শুভ কাজে সকলের সঙ্গে থাকব।’ গতকাল রোববার রাতে রাজধানীর বনানী সোসাইটি মাঠে ইন্টারনেট মেলায় গিয়ে এভাবেই বললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য তামিম ইকবাল।
আগেই প্রচার করা হয়েছিল, ইন্টারনেট মেলায় আসবেন টাইগার ক্রিকেটাররা। সে কারণে উপস্থিত দর্শকদের মধ্যে আগ্রহও ছিল প্রিয় তারকাদের দেখার জন্য। বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ২০১৫-এর অংশ হিসেবে আয়োজিত এ মেলায় রাত নয়টার দিকে আসেন তিন ক্রিকেটার তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। ইন্টারনেট নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের জাতীয় ঐক্য, আবেগ, অনুভূতি একাকার হয়ে আছে। আমাদের ক্রিকেটাররা পরিশ্রম দিয়ে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ করেছে। বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারেও বিশ্ব জয় করবে। আমরা প্রতিটি পরিবারে, সবার ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’
‘তরুণ প্রজন্মের কাছে ইন্টারনেট জনপ্রিয়করণ’ শীর্ষক এ মতবিনিময় সভায় তাসকিন আহমেদ বলেন, ‘ইন্টারনেট আমাকেসহ আমাদের প্রতিনিয়তই সাহায্য করছে। আমি নিজে ইউটিউব থেকে পছন্দের ক্রিকেটারদের খেলা দেখি। ফেসবুকে প্রিয় খেলোয়াড়দের অনুসরণ করতে পারছি, তাঁদের সম্পর্কে জানতে পারছি।’
আরেক ক্রিকেটার এনামুল হক বিজয় সবাইকে সঠিক ও নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহারের আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান। সঞ্চালনা করেন ইন্টারনেট সপ্তাহের আহ্বায়ক রাসেল টি আহমেদ।
আইসিটি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও গ্রামীণফোনের উদ্যোগে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহের আয়োজন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এর অংশ হিসেবে আয়োজিত বনানীতে তিন দিনের ইন্টারনেট মেলা শেষ হবে আজ সোমবার। বেলা দুইটা থেকে রাত ১১টা পর্যন্ত এ মেলা খোলা থাকবে।