চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট-সেবার পরিধি এবং ইন্টারনেট প্রবাহের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও সাত শতাধিক শিক্ষক উপকৃত হবেন।প্রশাসনসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট-সেবা বাড়ানোর উপপ্রকল্পটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর। এই দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবু সাঈদ হোসেন উপপ্রকল্পের পরিচালকের দায়িত্বে আছেন।‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার অটোমেশন’ উপপ্রকল্পের দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মো. নুরুল মোস্তফা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, এসব উপপ্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেক গতিশীল হবে।গ্রন্থাগারকে অটোমেশনের আওতায় আনা সম্ভব হলে শিক্ষক-শিক্ষার্থীরা খুব সহজেই প্রয়োজনীয় বই-জার্নাল খুঁজে নিতে পারবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে ইন্টারনেট সংযোগ আছে, তার গতি একেবারে কম। এতে অনেক সময় প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয় না। তাই ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।ক্যাম্পাসে ইন্টারনেট-সেবার আওতা বৃদ্ধি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবু সাঈদ হোসেন প্রথম আলোকে বলেন, এই উপপ্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ভবন, দশটি আবাসিক হল ও ক্যাম্পাসে অবস্থিত শিক্ষকদের বাসায় ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ সংযোগ দেওয়া হবে। তাই বিশ্ববিদ্যালয়ের আইসিটি কেন্দ্রে একটি নতুন সার্ভার স্থাপন করা হবে। দুই বছর মেয়াদি এ উপপ্রকল্পে মোট ব্যয় হবে চার কোটি ৫০ লাখ টাকা।বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় গ্রন্থাগার অটোমেশন’ উপপ্রকল্পের পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মো. নুরুল মোস্তফা বলেন, দুই বছর মেয়াদি এই উপপ্রকল্পে ব্যয় হবে দুই কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা।