
ইন্টারনেটকে খোলা জানালার সঙ্গে তুলনা করলেন ঠাকুরগাঁওয়ের প্রবীণ শিক্ষক অধ্যাপক মনতোষ কুমার। আর নড়াইল, গোপালগঞ্জ ও সাতক্ষীরায় ইন্টারনেটকে জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন অতিথিরা। গতকাল বুধবার এই চার জেলায় গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার জেলার ৬২টি বিদ্যালয়ের ৪৬৯ শিক্ষার্থী অংশ নেয়। প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
ঠাকুরগাঁও: জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৫ বিদ্যালয়ের ১২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সেরা নির্বাচিত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়। বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয় একই বিদ্যালয়ের শিক্ষার্থী সৌগত দেবনাথ, মো. ইমামুন নূর, মো. শফিউর রহমান, মো. সাহেদ হোসেন ও মো. রিফাদুজ্জামান রিফাদ। বিচারক ছিলেন অধ্যাপক মনতোষ কুমার দে। তিনি বলেন, ‘ইন্টারনেট হলো একটি খোলা জানালা। এ জানালা দিয়ে আলো-নির্মল বাতাস, ফুলের সুবাসসহ সবকিছু পাবে, সঙ্গে পাবে কিছু ধুলাবালি। তবে ধুলাবালি ঢোকার ভয়ে জানালা বন্ধ করে রাখলে চলবে না। যে এই জানালা বন্ধ করে রাখবে, সে ফুলের সুবাস থেকে বঞ্চিত হবে। প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে সে।’
নড়াইল: থানা রোডের একটি কনভেনশন সেন্টার চত্বরে সকাল সাড়ে নয়টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে জেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৪ শিক্ষার্থী অংশ নেয়। সেরা বিদ্যালয় নির্বাচিত হয় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির নির্বাচিত শিক্ষার্থীরা হলো ইনজামান শেখ, বৃষ্টি বিশ্বাস, বর্ষা বিশ্বাস, মুমু বিশ্বাস ও কাজল বিশ্বাস। বিচারক ছিলেন যশোর শিক্ষা বোর্ডের মাস্টার ট্রেইনার প্রশান্ত কুমার সরকার।
গোপালগঞ্জ: শেখ মণি মেমোরিয়াল হলে প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ১৬টি বিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থী অংশ নেয়। দলীয় উপস্থাপনায় সেরা হয় সরকারি বীণাপাণি বলিকা উচ্চবিদ্যালয়। ইয়েস কার্ড পায় প্রজ্ঞা দাস, শতাব্দী সরকার, জ্যোতি ওঝা, নুসরাত ইসলাম নিশি, ইশিতা শহীদ প্রতিভা। বিচারকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।
সাতক্ষীরা: উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে ১৫টি বিদ্যালয়ের ১০৯ জন ছাত্রছাত্রী অংশ নেয়। সেরা বিদ্যালয় নির্বাচিত হয় সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয় থেকে সেরা হয় সিরাজুল আরিফিন, নাজমুল ইসলাম, কাজী ওমর ফারুক, হিমেল সরকার ও ফায়াজ জামান। বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরার এলিকজার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হাফিজুর রহমান।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।