ইন্টারনেটভিত্তিক সামাজিক মাধ্যমের প্রভাব বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বার্ষিক বক্তৃতায় বক্তৃতায় বক্তব্য রাখছেন অধ্যাপক ওয়েইন ওয়ানতা। ছবিতে বাঁ থেকে, বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: সংগৃহীত
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বার্ষিক বক্তৃতায় বক্তৃতায় বক্তব্য রাখছেন অধ্যাপক ওয়েইন ওয়ানতা। ছবিতে বাঁ থেকে, বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বার্ষিক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ওয়েইন ওয়ানতা বলেছেন, পরিবর্তিত গণমাধ্যম ব্যবস্থায় ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলোর প্রভাব বাড়ছে। এ ছাড়া সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের সক্রিয়তা বাড়ার ফলে সমাজে মতমোড়লদের প্রভাবও অনেক ক্ষেত্রে কমছে।
আজ মঙ্গলবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫৩ বছর পূর্তিতে  বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এ বার্ষিক বক্তৃতার আয়োজন করা হয়। তবে এবারই প্রথম বিভাগটি বার্ষিক বক্তৃতার আয়োজন করল। এবারের বক্তৃতার বিষয় ছিল ‘দ্য চেঞ্জিং ইফেক্ট অব দ্য নিউ মিডিয়া’।
বক্তৃতায় অধ্যাপক ওয়েইন ওয়ানতা প্রথাগত গণমাধ্যমের উদাহরণ দিয়ে বলেন, প্রথাগত গণমাধ্যমে অপরাধ, সরকার প্রধান ইত্যাদি গণমাধ্যমের অন্যতম আধেয় হিসেবে বিবেচিত হয়। তা ছাড়া প্রথাগত গণমাধ্যমের এজেন্ডা এবং এবং গণমানুষের চাওয়াও অনেক ক্ষেত্রে একই রকম হয়। সেখানে গণমাধ্যমের ঠিক করে দেওয়া বিষয়ই সাধারণ মানুষের আলোচনা ও ভাবনার বিষয় হয়। কিন্তু সামাজিক মাধ্যমগুলোর মতো নতুন ধরনের মাধ্যমের ক্ষেত্রে এ চিত্র ভিন্ন। এসব মাধ্যমে সাধারণ মানুষও এজেন্ডা ঠিক করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছে। তিনি মেক্সিকান সাগরে তেল ছড়ানোর একটি উদাহরণ দিয়ে বলেন, দেখা গেল ফেসবুকে আপনার বন্ধুদের পাঁচজন বিষয়টি সমর্থন করছে। বন্ধুদের দেখে আপনিও বিষয়টি সমর্থনে প্রভাবিত হতে পারেন। এখন এভাবেও এজেন্ডা তৈরি হয়।

অধ্যাপক ওয়েনতা এ ছাড়াও যুক্তরাষ্ট্রের গত দুটি নির্বাচনে ফেসবুকের প্রভাবের উদাহরণ দেন। তিনি বারাক ওবামা ও তাঁর প্রতিদ্বন্দ্বীদের ফেসবুকের অনুসারীদের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ওবামার ফেসবুক অনুসারী বেশি থাকার কারণে তিনি তরুণদের ভোট বেশি পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির কারণে পৃথিবী ‘গ্লোবাল কান্ট্রিতে’ রূপান্তরিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের নিউ মিডিয়ার সঙ্গে যুগোপযোগী করে তৈরি হতে বলেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এখন থেকে প্রতিবছর বিভাগের বর্ষপূর্তিতে বার্ষিক বক্তৃতার আয়োজন করা হবে। তিনি এবারের বক্তা অধ্যাপক ওয়েইন ওয়ানতাকে গণমাধ্যমের সাম্প্রতিক পরিবর্তন এবং এ পরিবর্তনের ফলে গণমাধ্যমের প্রভাবের ক্ষেত্রে কী পরিবর্তন হচ্ছে, তা তুলে ধরার জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আখতার সুলতানা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।