ইন্টারনেটে আয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ
ইন্টারনেটে আয় করার প্রলোভন দেখিয়ে ২০ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গেট রেমিট্যান্স আউটসোর্সিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। স্থানীয় আলম মিডিয়া জোন নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. রওশন আলম গত রোববার বাদী হয়ে মামলাটি করেন।শুনানি শেষে বিচারিক হাকিম নরেশ চন্দ্র রায় মামলাটি তালিকাভুক্ত করার জন্য সদর থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।মামলার অন্য আসামিরা হলেন গেট রেমিট্যান্স আউটসোর্সিং লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরীফ মাহমুদ, চেয়ারম্যান মো. শাহিন মাহমুদ, মহাব্যবস্থাপক আলমগীর কবীর, ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার সবিতা ও প্রধান উপদেষ্টা মো. এনামুল হক।মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, আসামিরা একে অপরের যোগসাজশে বাদীর আস্থাভাজন হয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে লাখপতি হওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ ফেব্রুয়ারি থেকে লালমনিরহাটে রেমিট্যান্স আউটসোর্সিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খুলে বসে। আসামিরা বাদী রওশন আলমের সহায়তায় বিভিন্ন কৌশলে ১৮০ জন সদস্য সংগ্রহ করে এবং সদস্যদের কাছ থেকে মোট ২০ লাখ ১৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে ১৩ মে উধাও হয়।গত ২৫ জুলাই এই মামলার সব আসামির বিরুদ্ধে ২০ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কেন মামলা করা হবে না, তা জানতে চেয়ে রওশন আলম আইনজীবী এ বি এম সাইদুজ্জামানের মাধ্যমে আসামিদের কাছে লিগ্যাল নোটিশ পাঠান। আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল লালমনিরহাট সার্কিট হাউস রোডের শওকত বহুতল ভবনে গেট রেমিট্যান্স আউটসোর্সিং লিমিটেডের কার্যালয় উদ্বোধন এবং একই দিন লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সেমিনার উপলক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খানসহ মামলার ছয় আসামি লালমনিরহাটে আসে। মামলার বাদী রওশন আলম বলেন, ‘আমি মামলার আসামিদের বিভিন্ন রকম প্রলোভন ও বিনিয়োগ করা টাকা তিন গুণ লাভ হবে এমন কথায় বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছি। তারা আমার মাধ্যমে একই কথা বলে লালমনিরহাটের ১৮০ জনের কাছ থেকে সর্বমোট ২০ লাখ ১৬ হাজার টাকা নিয়ে চলে গেছে। পাওনাদারদের অব্যাহত চাপ ও হুমকির মুখে এবং নিজের টাকা উদ্ধারের জন্য আদালতে মামলা করেছি।’