ইন্টারনেটে মুক্ত জ্ঞানচর্চার সুযোগ বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে মুক্ত জ্ঞানচর্চার সুযোগ আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল শুক্রবার বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের সহায়তায় দৈনিক ইত্তেফাক আয়োজিত ‘শিক্ষক ডট কম, একটি ভার্চুয়াল আলোকবর্তিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তাঁরা। তাঁদের এ আহ্বানের সঙ্গে একমত হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেছেন, সরকার এ বিষয়ে ক্ষেত্র তৈরি করে দেবে।
আলোচনার শুরুতে শিক্ষক ডট কমের নানা দিক তুলে ধরেন এর উদ্যোক্তা রাগিব হাসান। ২০১২ সালের আগস্টে অনলাইনে বাংলা ভাষার প্রথম স্কুল গড়ে তোলেন রাগিব হাসান। নাম দেন শিক্ষক ডট কম (www.shikkhok.com)। বাংলা ভাষায় নানা বিষয়ে অনলাইনে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কোর্সভিত্তিক শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিক্ষক ডট কম।
রাগিব হাসান জানান, শিক্ষক ডট কম বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। এতে বাংলা ভাষায় নানা বিষয়ে অনলাইন কোর্স দেওয়া হয়, যা সবার জন্য উন্মুক্ত। যে কেউ সম্পূর্ণ বিনা মূল্যে এখানে নানা বিষয় শিখতে পারবেন।