ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দিল কক্সবাজার মেডিকেলের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে শীর্ষস্থানে নিয়ে যেতে গতকাল রোববার কক্সবাজার মেডিকেল কলেজের আড়াই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ইন্টারনেটে ভোট দেন। আগামী ৪ নভেম্বর পর্যন্ত সবার জন্য এই ভোটদান কর্মসূচি উন্মুক্ত রাখা হবে। কলেজের ‘মেডিসিন ক্লাব’ এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ বিএম আলী ইউসুফ। বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বাপ্পী, প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস, মেডিসিন ক্লাবের আহ্বায়ক শাহেনা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবিদ আজাদ, রিপন চৌধুরী প্রমুখ। দুপুর ১২টায় গিয়ে দেখা গেছে, মেডিকেল কলেজের ক্যাম্পাস মাঠে (গর্জন বাগানের পাশে) বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী একাধিক ল্যাপটপের মাধ্যমে সুন্দরবনকে ভোট দিচ্ছেন। কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদ ও জান্নাতুল সাবায়া সুলতানা বলেন, ‘ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দিলাম এই কারণে যে, পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন তালিকায় যেন সুন্দরবন শীর্ষস্থানে থাকে। এতে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি পর্যটনশিল্পের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।’মেডিসিন ক্লাবের আহ্বায়ক শাহেনা চৌধুরী বলেন, গতকাল বেলা তিনটা পর্যন্ত কলেজের আড়াই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ভোট দেন। ৪ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বাপ্পী বলেন, ‘আমরাও সুন্দরবনকে ভোট দিয়ে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার শেষ লড়াই চালাচ্ছি।’