ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানোর সুপারিশ সংসদীয় কমিটির
ইন্টারনেট ব্যান্ডউইডথের গতি বাড়ানোর সুপারিশ করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ বলেন, তথ্যপ্রযুক্তির বর্তমান জগতে চলতে হলে ইন্টারনেটের সংযোগ ও ব্যান্ডউইডথের গতি বাড়াতে হবে। কমিটি এই গতি বাড়ানোর সুপারিশ করেছে। একই সঙ্গে ব্যান্ডউইডথের দাম কমিয়ে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখতে বলা হয়েছে। এ নিয়ে কমিটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে।
তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি ইন্টারনেটে আপলোডের গতি কমানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, সংসদীয় কমিটি তা সমর্থন করেছে। কমিটির বৈঠকে বলা হয়, অনলাইনে ‘অপশক্তির উত্থান’ ঘটেছে। তারা বিকৃত তথ্য আপলোড করে যাচ্ছে। সে জন্য নিরাপত্তার খাতিরে আপলোডের গতি কমানোর সিদ্ধান্ত সঠিক ছিল। অবশ্য বিটিআরসি গত বৃহস্পতিবার ইন্টারনেট আপলোডের গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) যে নির্দেশনা দিয়েছিল, তা রোববার প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, বিষয়টিকে নিয়ন্ত্রণ হিসেবে দেখা ঠিক হবে না। কয়েক মাস যাবৎ কয়েকটি অপশক্তির উত্থান হয়েছে। এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত তথ্য প্রচার করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। এগুলো বন্ধ করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল। আবদুল ওয়াদুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জুনাইদ আহমেদ, ফজিলাতুন নেসা, কে এম খালিদ ও সৈয়দা আসিফা আশরাফী অংশ নেন।