ইন্টারনেটের দাম কমবে, গতি বাড়বে: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য-যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমি নিজেও বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেটের গতি অনেক কম। ইন্টারনেটের দাম কমাতে ও গতি বাড়াতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে। সমস্যা কোথায়, সেটা খুঁজে বের করা হবে।’
আজ সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের শুরুতে জয় এসব কথা বলেন। ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে করণীয় নির্ধারণ করতে এই বৈঠক করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার একটি ফেসবুক পেজ আছে। সেখানে অনেক ফ্যান আছেন। তাঁরা ইন্টারনেটের দাম বাড়ানো ও গতি কমানোর ব্যবস্থা নিতে আমার কাছে বিভিন্ন সময় দাবি করে আসছেন। এ জন্য ইন্টারনেট কমিউনিটি প্রোভাইডারদের সঙ্গে বৈঠক করছি। আপনাদের কথা শুনব। এরপর ব্যবস্থা নেব।’
জয় বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে যে ২৫৬ কেবিপিএস ইন্টারনেট লাইন রয়েছে, সেটিকে আমি ব্রডব্যান্ড মনে করি না। সেখানে কীভাবে ১ এমবিপিএস গতি দেওয়া যায়, সে জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। শিগগিরই সারা দেশের সব ইউনিয়নে সস্তা দামে এই গতি নিশ্চিত করতে হবে বলেও জানান জয়।’
সজীব ওয়াজেদ বলেন, ‘সরকার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা পৌঁছে দিতে কাজ করছে। দেশের বাইরে বিভিন্ন দেশে গেলে ইন্টারনেটের যে গতি দেখি, তার তুলনায় বাংলাদেশের অবস্থা দুর্বল। তাই এই দুর্বলতা কীভাবে কাটিয়ে ওঠা যায় এবং কীভাবে সমস্যার সমাধান করা যায়, তা খুঁজে বের করতে হবে।’
এরপর রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। সেখানে ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক, অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বাংলাদেশ ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিউএ), ইন্টারনেটে সেবাপ্রদানকারী মোবাইল অপারেটর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে উপস্থিত ওলো ওয়্যারলেস ইন্টারনেটের প্রধান কারিগরি কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা জয় সাহেবকে বলেছি, বিটিসিএল ইন্টারনেটের দাম কমালে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। এনটিটিএনের (নেশনওয়াইড টেলিকমিশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) গুণগত মান উন্নয়ন করতে হবে।’ বৈঠকে উপস্থিত দুজন কর্মকর্তা এনটিটিএনের মাধ্যমে ব্যান্ডউইথ বাড়ানোর পরামর্শ দেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা বলেছি, বাংলাদেশ থেকে অননুমোদিত কলগুলো বন্ধ করলে ইন্টারনেটের খরচ কমে যাবে।’
বৈঠক শেষে এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পিডি শর্মা প্রথম আলোকে বলেন, ‘ইন্টরনেটের গতি বাড়ানোর বিষয়ে তিনি বক্তব্য দেন। আমাদের পরমার্শগুলো নোট করে নিয়েছেন। এ রকম বৈঠক আরও করবেন বলে জানিয়েছেন।’
বৈঠকে উপস্থিত আরেক জন কর্মকর্তা বলেন, ইন্টারনেটের দাম কমাতে জয় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও বৈঠক করবেন। নোটগুলো নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বিটিআরসি চেয়ারম্যান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করবেন।