ইন্টারনেটের নানা বিষয়ে জানছে শিক্ষার্থীরা
ইন্টারনেটের নানা বিষয় জানছে শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সিলেট অঞ্চলের আই-জেন আঞ্চলিক প্রতিযোগিতা এবং আবাসিক ক্যাম্পের দ্বিতীয় দিনে ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা ও ইন্টারনেট নিরাপত্তাসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ দেওয়া হয়েছে উপস্থাপন ও সুন্দর বাচনভঙ্গি বিষয়ে। সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী ক্যাম্পের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়।
সিলেট অঞ্চলের ক্যাম্পে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও নরসিংদী জেলার প্রতিনিধিত্বকারী সাতটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সিলেট শহরতলির খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে সাত জেলার সেরা সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থীকে নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
>সিলেট শহরতলির খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে সাত জেলার সেরা সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ শিক্ষার্থীকে নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে এ কর্মশালা হচ্ছে
গতকাল দিনভর পরিচালিত কয়েকটি সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, ইন্টারনেট প্রশিক্ষক মতিউর রহমান, তানভীর শুভ, পার্থসারথী কর প্রমুখ। পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেন প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের কনিষ্ঠ নির্বাহী বিবর্ধন রায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং পরিচালক নেহাল আহমেদ, করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক ইশতিয়াক হোসাইন এবং গ্রামীণফোনের পক্ষে আই-জেন উৎসবের সমন্বয়ক খান এ ও এইচ সায়ন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
সিলেট অঞ্চলের সেরা দলগুলোর মধ্যে আছে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়, দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, অ্যাথনিকা অ্যান ইংলিশ ভার্সন স্কুল ও জনতা আদর্শ উচ্চবিদ্যালয়। প্রতি দলে রয়েছে জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুল দলের পাঁচজন প্রতিযোগী।
তিন দিনের এই আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিসহ নানা বিষয়ে শিখছে। এতে কম্পিউটার প্রোগ্রামিং ও ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা, ইন্টারনেট নিরাপত্তা, উইকিপিডিয়া এবং গুগল ট্রান্সলেটে অবদানের মতো বিষয়েও কর্মশালায় ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়া হয় উপস্থাপন ও সুন্দর বাচনভঙ্গি বিষয়ে। আজ শেষ দিন থাকবে নেতৃত্ব, লক্ষ্য, ব্যক্তিত্বসহ জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ের পাঠ আর এগুলোর ওপর অভিজ্ঞদের সঙ্গে আলাপচারিতা।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনের প্রথম পর্যায় এর আগে অনুষ্ঠিত হয়েছে সারা দেশের দুই হাজার স্কুলে। এতে অংশ নিয়েছে ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী।