ইন্টারনেটের ভালো দিকগুলো বেশি করে প্রচারের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরে গতকাল অনুষ্ঠিত আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো
রাজবাড়ী শহরে গতকাল অনুষ্ঠিত আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল রোববার চারটি জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হলো ফেনী, টাঙ্গাইল, রাজবাড়ী ও শরীয়তপুর। প্রতিযোগিতায় চার জেলার ৫২টি বিদ্যালয়ের ৪৫২ শিক্ষার্থী ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো বেশি করে প্রচার করতে গণমাধ্যমের কাছে অনুরোধ জানায়। প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
ফেনী: শহরের পৌর চত্বরে গণমিলনায়তনে সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে জেলার ১৬টি বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী বুদ্ধির লড়াইয়ে অংশ নেয়। এমসিকিউ, গেম জোন ও দলীয় উপস্থাপনায় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী হলো ইফফাত জাহান ঐশী, উম্মে হানিয়া জলি, সানজিদা আমীন নাদিয়া, আদৃতা সাহা ও সায়মা আক্তার লুবনা। বিচারক ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ।
টাঙ্গাইল: প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে জেলার ১৩টি বিদ্যালয়ের ১২৯ শিক্ষার্থী অংশ নেয়। সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল। প্রতিষ্ঠানটির নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলো মো. আরিফুল ইসলাম, মো. আল আমিন, মো. আল শাহারিয়ার, শাহ-পরান পলাশ ও সিদরাতুল মুনতাহা সুকন্যা।
রাজবাড়ী: শহরের বড়পুলে একটি কমিউনিটি সেন্টারে সকালে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। জেলার পাঁচ উপজেলার ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৫ শিক্ষার্থী অংশ নেয়। এতে বিজয়ী হয় রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়। বিচারক ছিলেন রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ। বিজয়ী শিক্ষার্থীরা হলো সাজিন শাহরিয়ার লিয়ন, আহনাফ তাহমিদ খান, মেহরাব চৌধুরী, সুদীপ্ত মণ্ডল ও ফেরদৌস নাঈম।
শরীয়তপুর: পৌর মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ১০ বিদ্যালয়ের ৮৬ শিক্ষার্থী অংশ নেয়। এতে বিজয়ী হয় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়। বিজয়ীরা হলো রিদওয়ান আহম্মেদ খান, সাইফুল ইসলাম রিমন, মাসুদ হাওলাদার, মাহমুদ শরীফ ও মো. নাহিদ হাসান রাব্বি। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের গণিত ও আইটি বিষয়ের প্রভাষক আকবর হোসেন।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।
ঝিনাইদহ: সকাল সাড়ে আটটায় শুরু হয়ে বেলা আড়াইটায় শেষ হয় এ প্রতিযোগিতা। অনুষ্ঠানে জেলার ১৬টি স্কুলের ১০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান। বিভিন্ন ধাপে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সেরা স্কুলের পাঁচজন শিক্ষার্থী হলো আফরিন হোসেন, নুজাত তাবাসসুম, জান্নাতুল মাওয়া, তসফিয়া জান্নাত ও রেনেজাজ শাম্মীয়া।