ইন্টারনেটের যুগে পত্রিকার প্রচারসংখ্যা বাড়াটা লক্ষণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের প্রসারের ফলে জাপানসহ উন্নত বিশ্বে যখন সংবাদপত্রের পাঠক কমছে, তখন বাংলাদেশে পত্রিকার পাঠকের সংখ্যা বাড়ছে। প্রযুক্তির প্রভাবের এই যুগে বিষয়টি বেশ লক্ষণীয় বটে। এমন মন্তব্য করেছেন জাপানের টোকিও ইউনিভার্সিটি ফর ফরেন স্টাডিজের অধ্যাপক ও সাংবাদিক মঞ্জুরুল হক। গতকাল রোববার প্রথম আলোর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় মঞ্জুরুল হক জাপানের গণমাধ্যম, আর্থসামাজিক পরিস্থিতি ও বাংলাদেশের গণমাধ্যম বিষয়ে কথা বলেন। তিনি প্রথম আলোর টোকিও প্রতিনিধি হিসেবে কাজ করছেন।প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে ফরেন করেসপনডেন্টস ক্লাব অব জাপানের (এফসিসিজি) সাবেক সভাপতি মঞ্জুরুল হক বলেন, ইন্টারনেট ও টেলিভিশনের আগ্রাসনে কিছুটা সংকটে পড়েছে জাপানের সংবাদপত্র। পত্রিকার প্রচারসংখ্যা কমছে। তাই এই সতর্কসংকেত মেনে নিয়ে সে দেশের সংবাদপত্র প্রতিযোগিতায় টিকে থাকতে বিকল্প পদক্ষেপ নিচ্ছে।জাপানের পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতির তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন বলে মত দেন মঞ্জুরুল হক। তিনি বলেন, ইন্টারনেট ও টেলিভিশনের বিস্তারের এই সময়ে এসেও বাংলাদেশে পত্রিকার প্রচারসংখ্যা বাড়ছে। প্রথম আলো তার প্রমাণ। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মতবিনিময়ের শুরুতে মঞ্জুরুল হককে স্বাগত জানান। তিনি বলেন, ‘মঞ্জুরুলের সঙ্গে আমার পরিচয় দীর্ঘ চার দশক আগে। সমাজ পরিবর্তনের আন্দোলনে তাঁকে সহকর্মী হিসেবে পেয়েছি। প্রথম আলোর সূচনালগ্ন থেকেই তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও জাপানের সম্প্রচার কর্তৃপক্ষের (এনএইচকে) বেতারে খণ্ডকালীন কাজের পাশাপাশি তিনি আমাদের জন্য কাজ করছেন। তিনি জাপানে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। এটি আমাদের জন্য বিশেষ সম্মানের।’মতবিনিময় সভা পরিচালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।