তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিদেশে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে করা একটি মামলায় গতকাল রোববার আদালতে এই আবেদন জানানো হয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে দলীয় একটি সভায় বক্তব্য দেওয়ার ছয় দিনের মাথায় তাঁর বিরুদ্ধে দুদকের এ উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছে বিএনপি। তারেকের আইনজীবীদের অভিযোগ, সরকারের নির্দেশে দুদক এ উদ্যোগ নিয়েছে। কারণ, এর এক দিন আগে গত শুক্রবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তারেকের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন।
অবশ্য বিদেশে থাকা আসামি ফিরিয়ে আনার ক্ষেত্রে ইন্টারপোলের ভূমিকা খুব সামান্য বলে জানিয়েছেন বাংলাদেশে এ বিষয়ে ওয়াকিবহাল ব্যক্তিরা। তাঁরা এটাকে সরকারের ‘রাজনৈতিক চালাকি’ বলে মনে করছেন।
গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ দুদকের আইনজীবী মোশাররফ হোসেনের করা আবেদনে বলা হয়, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। দেশে থাকা তারেক রহমানের আত্মীয়স্বজন বিষয়টি অবগত আছেন। ২০১১ সালে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল জব্দের পরোয়ানা জারি করা হয়। একই বছরের ৮ আগস্ট আদালতে হাজির হতে তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। এর পরও তিনি আদালতে হাজির হননি। তিনি বলেন, ‘আমরা জানতাম, তিনি (তারেক) বিদেশে চিকিৎসাধীন। কিন্তু গণমাধ্যমের খবর সূত্রে তাঁর লন্ডনে অবস্থানের বিষয়টি দুদকের নজরে আসে। এ কারণে ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।’
দুদকের এই আবেদন আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হক মঞ্জুর করেন। দুদক ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে। ২০১১ সালের ৬ জুলাই অভিযোগপত্র দেয়। মামলার অপর আসামি তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন কারাগারে আছেন।
তারেকের প্রকাশ্যে আসা: ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর ২০০৮ সালে তিনি ‘চিকিৎসার জন্য’ যুক্তরাজ্যে যান। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তারেক রহমান যুক্তরাজ্যে ‘রাজনৈতিক আশ্রয়’ চেয়ে আবেদন করলে সে দেশের কর্তৃপক্ষ সম্প্রতি তা মঞ্জুর করেছে। এরপর তিনি গত ১ এপ্রিল সপরিবারে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। গত সোমবার তিনি লন্ডনে প্রথম দলীয় একটি প্রকাশ্য সভায় বক্তৃতা করেন। ওই খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
সরকারি দলের প্রতিক্রিয়া: গত বৃহস্পতিবার ঢাকায় ১৪ দলের সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, ‘তারেক জিয়া পলাতক। তিনি লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সম্পদ ব্যয় করে নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টা করে যাচ্ছেন।’ পরদিন শুক্রবার এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে ধৃষ্টতামূলক কথাবার্তা বলছেন।...পত্রপত্রিকার মাধ্যমে তাঁর (তারেক রহমান) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। তাই প্রয়োজনে আদালত ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।’
বিএনপির অভিযোগ: গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান অভিযোগ করেন, দুই দিন আগে আইন প্রতিমন্ত্রী ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে গ্রেপ্তারের কথা বলেছেন। তাঁর কথার আদলে আদালতের নির্দেশনা এসেছে।
তারেকের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেছেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ইন্টারপোলের কথা বলার পরই দুদক এ উদ্যোগ নিল। মামলার এ পর্যায়ে এ ধরনের আবেদন করার কোনো সুযোগ নেই।
তারেক রহমানের আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়ার দাবি, তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন, এ জন্য সরকারের নির্দেশে দুদক এই আবেদন করেছে।
দুদকের বক্তব্য: এ প্রসঙ্গে গতকাল দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, দুদকের আইনজীবীদের নতুন করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাঁরা আরও আগে থেকে এ বিষয়ে পদ্ধতিগত প্রক্রিয়ায় এগিয়েছেন। তারই ধারাবাহিকতায় গতকাল আদালতে আবেদন করা হয়েছে। এর সঙ্গে অন্য কোনো যোগসাজশ নেই।
বাস্তবায়ন কীভাবে: বাংলাদেশ পুলিশের পক্ষে ইন্টারপোলের সঙ্গে সংযোগ রক্ষাকারী দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মাহাবুবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আদালত থেকে নির্দেশনা পুলিশ সদর দপ্তরে আসবে। নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিতে সেভাবে ইন্টারপোলকে জানানো হয়। তবে কর্মপক্রিয়া কী হবে, তা বোঝা যাবে আদালতের ওই নির্দেশনা আসার পর। তিনি বলেন, ইন্টারপোল হচ্ছে বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে শুধু সমন্বয়কারী সংগঠন। একজন আসামিকে কোনো দেশ থেকে ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় কূটনৈতিক সূত্রে। সেখানে পুলিশের ভূমিকা সামান্য।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইন্টারপোলের কোনো সদস্যরাষ্ট্রে পালিয়ে থাকা আসামি গ্রেপ্তারের জন্য ইন্টারপোল সদর দপ্তরের সহায়তা চাইতে পারে যেকোনো সদস্যরাষ্ট্র। ইন্টারপোল সহায়তা করতে সম্মত হলে ওই আসামির অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী তাঁকে ধরিয়ে দিতে একটি বার্তা (রেড নোটিশ) ছড়িয়ে দেওয়া হয় ১৯০টি সদস্যরাষ্ট্রের পুলিশের মধ্যে। ইন্টারপোলের ওয়েবসাইটেও সেই আসামির নাম, ছবি ও অপরাধের ধরনসহ বার্তা প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের অনুরোধে ইন্টারনেটে অপরাধীর তথ্য প্রকাশ করা হয় না। কোনো দেশের পুলিশ ওই আসামির অবস্থান শনাক্ত করলে কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার দ্বিপক্ষীয় উদ্যোগ নেওয়া হয়। তবে ইন্টারপোল কোনো আসামিকে গ্রেপ্তার করতে সরাসরি কোনো অভিযান বা গোয়েন্দা নজরদারি করে না।