ইন্টারপোল সম্মেলনে যোগ দিচ্ছেন আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম শহীদুল হক
এ কে এম শহীদুল হক

অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বৈঠকে বসছেন আন্তর্জাতিক পুলিশ সংগঠনের (ইন্টারপোল) সদস্য দেশের প্রতিনিধিরা। দক্ষিণ আফ্রিকার দেশ রুয়ান্ডার রাজধানী কিগালিতে ২ নভেম্বর (সোমবার) শুরু হচ্ছে চার দিনব্যাপী এ সম্মেলন।
ইন্টারপোলের ৮৪ তম বার্ষিক এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। আগামীকাল রোববার ভোরে কিগালির উদ্দেশে রওনা হবে বাংলাদেশ প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।
সম্মেলনের প্রথম দিন ‘সন্ত্রাস দমন: বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের পুলিশ প্রধান শহীদুল হক। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসের বিস্তার, বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও সন্ত্রাস দমনে ভূমিকা ইত্যাদি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন তিনি।
এবারের সম্মেলনে ইন্টারপোল নির্বাহী কমিটির ‘এশিয়া ডেলিগেট’ এর দুটি পদে নির্বাচন হবে। বাংলাদেশের প্রার্থী হিসেবে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্টারপোলের ১৯০টি সদস্য দেশের প্রতিনিধিরা ভোট দিয়ে এ দুই ডেলিগেট নির্বাচন করবেন।

এ ছাড়া সম্মেলনে অপরাধ দমন ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা, সাইবার ক্রাইম, পরিবেশ নিরাপত্তা ইত্যাদি আলোচনায় উঠে আসবে।
প্রসঙ্গত, ইন্টারপোল প্রতিবছর সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে বার্ষিক সাধারণ সম্মেলনের আয়োজন করে। এতে সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। এবারও সংগঠনটির ১৯০টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গত বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মোনাকোতে।