ইন্টারপোল সম্মেলনে যোগ দিচ্ছেন আইজিপি
ইন্টারপোলের ৮৪তম বার্ষিক সাধারণ সম্মেলনে যোগ দিতে আজ রোববার রুয়ান্ডার রাজধানী কিঘালি যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামীকাল ২ নভেম্বর থেকে শুরু হওয়া সম্মেলনটি শেষ হবে ৫ নভেম্বর।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত আইজিপি (এডমিন অ্যান্ড অপস্) মো. মোখলেসুর রহমান, ডিআইজি (অপারেশনস) ও এনসিবি ঢাকার প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এআইজি (এনসিবি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।
বাংলাদেশের পুলিশপ্রধান সম্মেলনের প্রথম দিন ‘সন্ত্রাস দমন: বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে বক্তব্য দেবেন। তিনি তাঁর বক্তব্যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসের বিস্তার, বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও সন্ত্রাস দমনে ভূমিকা ইত্যাদি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন।
এবারের সম্মেলনে ইন্টারপোল নির্বাহী কমিটির ‘এশিয়া ডেলিগেট’-এর দুটি পদে নির্বাচন হবে। বাংলাদেশের প্রার্থী হিসেবে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।