অপটিক্যাল ফাইবার কেব্ল চুরি ও কেবেল পানি প্রবেশ করায় আখাউড়া-সিলেট রেলপথের অধিকাংশ রেলওয়ে স্টেশনে ডিজিটাল ইন্টারলকিং সিগন্যাল পদ্ধতি বিকল হয়ে রয়েছে। ফলে দীর্ঘ দিন ধরে এ পথের স্টেশনগুলোতে ম্যানুয়াল পিএলসি (পেপার লাইন ক্লিয়ার) সিগন্যাল পদ্ধতিতে ট্রেন চলাচল করছে। পিএলসি পদ্ধতিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিভিন্ন স্টেশনের মাস্টাররা বলছেন, এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।শমশেরনগর, ভানুগাছ ও লংলা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আখাউড়া-সিলেট রেলপথের সব স্টেশনে সরকার কয়েক কোটি টাকা ব্যয় করে মাটির নিচে অপটিক্যাল ফাইবার কেব্ল স্থাপন করে ডিজিটাল ইন্টারলকিং সিগন্যাল-ব্যবস্থা চালু করে। প্রায় এক বছর ধরে গভীর রাতে দুর্বৃত্তরা রেলপথের বিভিন্ন স্টেশনসংলগ্ন ও মধ্যবর্তী স্থানের মাটি খুঁড়ে ওই কেব্ল চুরি করে নিয়ে যাচ্ছে। তা ছাড়া এই কেবেল পানি প্রবেশ করায় অধিকাংশ স্টেশনের আধুনিক ইন্টারলকিং সিগন্যাল পদ্ধতি বিকল হয়ে রয়েছে। বিষয়টি নজরে আসার পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুরি ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেন। তারপরও কেব্ল চুরি ঠেকানো যাচ্ছে না। ফলে এসব রেলস্টেশনের লাইন ক্লিয়ারেন্স ম্যানুয়াল দেওয়া হচ্ছে পিএলসি পদ্ধতিতে। শমশেরনগর স্টেশন মাস্টার মো. শাহজাহান খান, সহকারী স্টেশন মাস্টার আবদুল মালেক ও ভানুগাছ স্টেশনের মাস্টার লোকমান হোসেন ফকির বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য তাঁরা বাধ্য হয়ে পিএলসি পদ্ধতিতে ট্রেনের লাইন ক্লিয়ার নেন। তাঁরা আরও বলেন, মাটির নিচ থেকে অপটিক্যাল ফাইবার কেব্ল চুরি হয়ে যাওয়ায় নয় মাস ধরে শমশেরনগর, টিলাগাঁও ও লংলার, লস্করপুর স্টেশনসহ ১৫টি স্টেশনে ম্যানুয়াল পিএলসি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এ পদ্ধতিটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্টেশন মাস্টাররা বলেন, পিএলসি পদ্ধতিতে একটু অসাবধান হলে যেকোনো সময় একই লাইনে দুটি ট্রেন প্রবেশ করে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।এ ব্যাপারে কুলাউড়া রেলওয়ে টেলিকমিউনিকেশন বিভাগের কর্মকর্তা দেব দুলাল বলেন, দুর্বৃত্তরা প্রায়ই কোনো না কোনো স্থান থেকে মাটি খুঁড়ে অপটিক্যাল ফাইবার কেব্ল চুরি করে নিচ্ছে। তাঁরা দুর্বৃত্তদের কাছে জিমিঞ্চ হয়ে পড়েছেন। কেটে নেওয়া স্থানে নতুন করে কেব্ল স্থাপন করলেও কিছুদিন পর আবারও তা চুরি হয়ে যায়। সংশ্লিষ্ট স্টেশন এলাকার থানাগুলোতে মামলা করেও কোনো কাজ হচ্ছে না।