ইন্টার্ন চিকিত্সকদের আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা গতকাল রোববারও কর্মবিরতি পালন করেছেন। নিজেদের ভাতা বৃদ্ধি ও তাঁদের ওপর হামলার ঘটনার বিচার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিত্সাসেবা।
বহিরাগত ব্যক্তিদের হামলার বিচার চেয়ে গতকাল বিকেলে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দিয়েছেন চিকিত্সকেরা। তাঁরা জানিয়েছেন, শিক্ষানবিশ চিকিত্সকদের মাসিক ভাতা ১০ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা করার দাবিতে ২৪ অক্টোবর বিক্ষোভ করেন তাঁরা। ওই দিন বেলা ১১টায় বহিরাগত ব্যক্তিদের দিয়ে বিক্ষোভরত চিকিত্সকদের ওপর হামলা চালায় কলেজ কর্তৃপক্ষ। এতে সাতজন চিকিত্সক আহত হন। সেই থেকে ক্ষুব্ধ শিক্ষানবিশ চিকিত্সকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছেন।
গতকাল বেলা ১১টায় পুলিশ গিয়ে আন্দোলনরত চিকিত্সকদের ব্যানার খুলে ফেলে। এরপর চিকিত্সকেরা জেলা এসপি মো. শাহ আবিদ হোসেনের কাছে স্মারকলিপি দেন। এতে ওই হামলার সুষ্ঠু তদন্ত ও হামলাকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।