ইন্টার্ন চিকিত্সকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা-ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। চিকিত্সক-স্বল্পতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। এর মধ্যেই হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হুমকি দিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে আজ শনিবার থেকে তাঁরাও কর্মবিরতি শুরু করবেন। এ অবস্থায়ও সমস্যা সমাধানে কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ইন্টার্ন চিকিত্সক ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।জানা গেছে, গত রোববার হাসপাতালের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী তাঁর এক আত্মীয়কে হাসপাতালে নিয়ে আসনে চিকিত্সার জন্য। এ নিয়ে ওই কর্মচারীর সঙ্গে হাসপাতালের এক ইন্টার্ন চিকিত্সকের বাগিবতণ্ডা হয়। এরপর চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে দুটি ওয়ার্ড ও চিকিত্সকদের একটি কক্ষে ভাঙচুর করেন। ওই ঘটনায় জড়িতদের শাস্তি এবং ওয়ার্ডে চিকিত্সকদের নিরাপত্তাসহ ছয় দফা দাবিতে হাসপাতালের ১৬০ জন ইন্টার্ন চিকিত্সক রোববার রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।গতকাল শুক্রবার সকালে সরেজমিন ৫০০ শয্যার এ হাসপাতালের ১২, ১৫, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ইন্টার্ন চিকিত্সকদের কক্ষে তালা দেওয়া। চক্ষু বিভাগের ১৭ নম্বর ওয়ার্ডে রোগী বানেছা খাতুন জানান, গত ১৬ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রোববার তাঁর চোখে অস্ত্রোপচার করার কথা থাকলেও এখনো তা হয়নি। তিনি বলেন, ‘ডাক্তার-কর্মচারীদের ঝগড়ার কারণে আমার চোখের অপারেশন হচ্ছে না।’মেডিসিন বিভাগের ১২ নম্বর ওয়ার্ডে গত মঙ্গলবার ভর্তি হয়েছেন লিউকেমিয়ায় আক্রান্ত মোজাহিদুল ইসলাম। ওই দিনই তাঁকে কেমোথেরাপি দেওয়ার কথা ছিল। মোজাহিদুলের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার কেমোথেরাপি দেওয়ার কথা থাকলেও চিকিত্সক না থাকায় দেওয়া যাচ্ছে না। সময়মতো দিতে না পারলে না জানি ছেলেটার আমার কী ক্ষতি হয়!’ ওই ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার শহীদুল্লাহ বলেন, ‘দিনে ১৫ ঘণ্টারও বেশি সময় কাজ করছি। এভাবে হয়তো দুই-তিন দিন চালিয়ে নেওয়া যায়, তার বেশি নয়। বাধ্য হয়ে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ডেকে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।’নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিত্সক অভিযোগ করেন, ঘটনার পর ছয় দিন পেরিয়ে গেলেও সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। দোষীদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হলে এ অবস্থার সৃষ্টি হতো না। তবে চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও বসে নেই। ঘটনার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিত্সকের ইন্টার্নশিপ বাতিলসহ তিন দফা দাবিতে তাঁরাও গত কয়েক দিন ধরে হাসপাতালে সভা-মিছিল করছেন। হাসপাতালের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. আবুল বাশার বলেন, ‘আমাদের দাবি মানা না হলে ২৬ জুন থেকে আমরাও প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি শুরু করব।’ তবে তিনি জানান, কর্তৃপক্ষ উদ্যোগী হলে আরও আগে সমস্যার সমাধান হতে পারত।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মং টেন উইং অবশ্য দাবি করেছেন, সবকিছু ঠিকঠাকমতোই চলছে। যেটুকু সমস্যা রয়েছে, তাও সমাধান হয়ে যাবে। তিনি বলেন, ‘ইচ্ছা করলেই সব সময় তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় না, তাই ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছি।’মং টেন জানান, সমস্যা সমাধানে গত মঙ্গলবার সব বিভাগের প্রধানদের নিয়ে তিনি বৈঠক করেছেন। ঘটনা তদন্তে সার্জারি বিভাগের প্রধান এম এ গনিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।