ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাতের প্রতিবাদে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক কুতুব উদ্দিনকে গত শুক্রবার রাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে হাসপাতালের ‘ইন্টার্নি চিকিৎসক পরিষদ’ গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ধর্মঘট পালন করে।ইন্টার্নি চিকিৎসক পরিষদ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মেডিকেল কলেজের মুক্তা ছাত্রাবাসের কক্ষ থেকে চার-পাঁচজন অজ্ঞাতনামা যুবক কুতুব উদ্দিনকে ডেকে ছাত্রাবাসের সামনে নিয়ে যান। তাঁরা কুতুবকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে চলে যান। পরে লোকজন গুরুতর আহত অবস্থায় কুতুবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হাসপাতালে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে দুর্ভোগে পড়ে হাসপাতালে আসা রোগীরা। চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় দুপুর একটার দিকে হাসপাতালের পরিচালকের কক্ষে যৌথ সভা বসে। বেলা আড়াইটা পর্যন্ত চলা ওই সভায় মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও ইন্টার্নি চিকিৎসক পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ইন্টার্ন চিকিৎসকদের দুটি দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা বিকেল চারটা থেকে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন।ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি মনিরুজ্জামান বলেন, কক্ষ থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করার বিষয়টি চিকিৎসকদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, ইন্টার্ন চিকিৎসক কুতুব উদ্দিনের ওপর হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।