ইন্টার্ন চিকিৎসককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি খোলাসা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক শামীম খানকে (২৫) কারা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গিয়েছিল, তা গতকাল মঙ্গলবারও খোলাসা হয়নি।
পরিবার বলেছে, গত শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে শামীম খানকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁকে অপহরণের অভিযোগে সে দিনই তাঁর এক সহপাঠী শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন শনিবার দুপুরে শামীমকে উদ্ধারের দাবিতে ওই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা প্রায় এক ঘণ্টা হাসপাতালের সামনে মিরপুর সড়ক অবরোধ করেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ের সামনে থেকে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে তাঁর ভাইয়ের কাছে দেওয়া হয়।
স্বজন ও সহকর্মীদের প্রশ্ন, কারা শামীমকে ধরে নিয়ে গিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে গেল।
শামীম খানের বড় ভাই সোলায়মান হোসেন খান প্রথম আলোকে বলেন, তাঁরা ধারণা করছেন অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণকারী চক্র শামীমকে অপহরণ করেছিল। তিনি আর কিছু বলতে অপারগতা জানান।
শামীমের স্বজন ও সহকর্মীদের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে শামীমকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চাপের মুখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে পুলিশের একটি সূত্র বলেছে, চট্টগ্রামে গ্রেপ্তার করা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যের সঙ্গে শামীমের যোগাযোগের তথ্য রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের একজন কর্মকর্তা গতকাল বলেছেন, তাঁদের হাতে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্য ফারদিন ওরফে নোমানের সঙ্গে শামীমের সম্পর্কের তথ্য মিলেছে।
এ বিষয়ে শামীমের ভাই সোলায়মান বলেন, ‘এ রকম হওয়ার কোনো কারণ নেই। কোনো জেএমবি সদস্যের সঙ্গে আমার ভাই কেন সম্পর্ক রাখতে যাবে। ওর ডাক্তারি পড়া শেষের দিকে। এ সময়ে ওকে এমনিতেই পড়াশোনা, হাসপাতাল নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়।’