ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল রোববার বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আগের দিন গত শনিবার ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা এ কর্মসূচির কথা জানিয়েছিলেন।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ৩৩৩ টাকা দৈনিক ভাতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, ‘সময়ের দাবি’ মানতে হবে। তাঁদের ভাতা বাড়াতে হবে।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, একজন সাধারণ শ্রমিকের মজুরি দৈনিক ৪০০-৫০০ টাকা। তাঁরা ৮ থেকে ১০ ঘণ্টা শ্রম দেন। কিন্তু ইন্টার্ন চিকিৎসকেরা শ্রম দেন ১৪ থেকে ১৬ ঘণ্টা। অথচ তাঁদের ভাতা দেওয়া হয় সাধারণ শ্রমিকের চেয়েও কম।
বক্তারা ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে বলেন, ২০০৯ সালে সর্বশেষ তাঁদের ভাতা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে জীবনমানের ব্যয় দ্বিগুণের বেশি বেড়েছে। কিন্তু এ ছয় বছরে তাঁদের ভাতা বাড়ানো হয়নি। সরকার অষ্টম বেতনকাঠামো ঘোষণা করলেও সেখানে তাঁদের বিষয় স্থান পায়নি। দাবির বিষয়ে আবেদন, স্মারকলিপি দিলেও সরকার সাড়া দিচ্ছে না। তাই তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।
গতকালের কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ভাতা বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ না করলে দেশব্যাপী লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ২০০৬ সালে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ছিল ৬৮০০ টাকা। ২০০৯ সালে ভাতার পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়। এ বছরের মে মাস থেকে তাঁরা এ অর্থ ২০ হাজার করার অনুরোধ করে আসছেন।
নেতারা বলেন, বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোয় ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা চার হাজার। আর বেসরকারি হাসপাতালে তিন হাজার। তাঁরা দাবি করেন, সবাই এ আন্দোলনের সঙ্গে আছেন।
মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম তানজীমুল হক বলেন, জ্যেষ্ঠ চিকিৎসকেরা রোগীদের জন্য যে নির্দেশনা দিয়ে যান, তা বাস্তবায়ন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। কিন্তু আনুপাতিক হারে তাঁদের ভাতা কম।
বিভিন্ন স্থানে কর্মসূচি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল সাড়ে ১০টায় শুরু হয় অবস্থান কর্মসূচি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসূচি শুরু হয় সকাল ১০টায়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। চিকিৎসাসেবা বাদ দিয়ে আন্দোলনের বিষয়ে তাঁরা বলেন, রোগীর কথা বিবেচনায় রেখে সকাল নয়টা থেকে হাসপাতালের সমস্ত ওয়ার্ড ঘুরে সেবা দিয়ে পরে সাড়ে ১০টায় কর্মসূচিতে যোগ দিয়েছেন তাঁরা।
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা ইন্টার্ন চিকিৎসকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেটের সভাপতি মো. মাজহারুল হক জানান, হাসপাতালের প্রায় ১৮০ জন চিকিৎসক কর্মসূচিতে অংশ নেন।
দিনাজপুর মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, রাজশাহী; বরিশাল, খুলনা ও দিনাজপুর অফিস; সিলেট প্রতিনিধি}