নিরাপত্তাব্যবস্থা ও হাসপাতালের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে গতকাল সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা। গত রোববার রাতে ইন্টার্ন চিকিৎসকদের মারধর করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
সোনাডাঙা থানা-পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাব্বি নামের এক শিশু রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এরপর তার বাবা হানিফ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকদের ওপর হামলা চালান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিশুটির স্বজনদের অভিযোগ, শিক্ষানবিশ চিকিৎসকেরাও তাঁদের ওপর হামলা চালান। খুলনা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি তন্ময় সাহা বলেন, এই হাসপাতালে মাসে সাত-আটবার চিকিৎসকেরা রোগীর স্বজন বা বহিরাগত ব্যক্তিদের হাতে লাঞ্ছিত হন। তাঁরা কর্তৃপক্ষের কাছে বারবার নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি। রোববার রাতেও তিনজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করা হয়েছে।
কর্মবিরতি কত দিন চলবে, এই প্রশ্নের উত্তরে তন্ময় সাহা বলেন, ‘আমাদের নিরাপত্তা দেওয়া হলেই আমরা কাজে ফিরে যাব।’ তিনি আরও বলেন, রোগীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি স্কোয়াড প্রস্তুত রেখেছেন।
ফোন না ধরায় এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আনন্দ মোহন সাহার সঙ্গে কথা বলা যায়নি।