পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার দুপুরে চিকিৎসকেরা কর্মস্থল ছেড়ে শহরের আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত দুই দিনের মতো ইন্টার্ন চিকিৎসকেরা সকালে হাসপাতালে উপস্থিত হলেও কাজে যোগ দেন না। দুপুর ১২টার দিকে তাঁরা হাসপাতাল ছেড়ে শহরের আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে সমবেত হন। এরপর মানববন্ধন তৈরি করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে তাঁরা নিরাপদ কর্মস্থল ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে স্লোগান তোলেন ‘চিকিৎসকদের সম্মান দিন, প্রয়োজনীয় সেবা নিন’।
বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকেরা জানান, শিক্ষানবিশ হলেও তাঁরা রাত-দিন পরিশ্রম করে হাসপাতালে রোগীদের সেবা দিয়ে আসছেন। জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের প্রতিটি কক্ষে রয়েছে তাঁদের পদচারণ। যে যেখানে যখন ডাকছে সেখানেই ছুটে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এরপরও হামলা-মারপিট তাঁদের মন ভেঙে দিয়েছে। হামলাকারীরা নারী চিকিৎসকদেরও ছাড়েনি। তাই যতক্ষণ হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কর্মস্থলে ফিরবেন না।
গত রোববার রাত ১২টার দিকে পাবনা শহরের গোবিন্দা মহল্লার এক বৃদ্ধা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ হন রোগীর স্বজনেরা। তাঁরা এই মৃত্যুর জন্য ইন্টার্ন চিকিৎসকদের দায়ী করে হামলা ও মারপিট করেন। এ ঘটনার প্রতিবাদ ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। এ নিয়ে গত মঙ্গলবার ও গতকাল বুধবার প্রথম আলোতে দুটি সংবাদ প্রকাশিত হয়েছে।