ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদে গতকাল রোববারও কর্মবিরতিতে ছিলেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক নির্দেশে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর আত্মীয় প্রহৃত হওয়ার ঘটনায় চার ইন্টার্ন চিকিৎসকের পেশাগত সনদের কার্যকারিতা ছয় মাস স্থগিত করে। এর প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে যান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
বিকেলে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। মানববন্ধন চলাকালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি তাসনিম মাহমুদ বলেন, চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। আজ সোমবারও এখানে মানববন্ধন করা হবে।
বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকেরা গতকালও কর্মবিরতি পালন করেছেন। তাঁদের আন্দোলনের সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখাও। বিএমএ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বগুড়া বিএমএ ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
গতকাল দুপুর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা বেলা ১১টায় কলেজের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। ১২টার দিকে তাঁরা মৌন মিছিল করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল দুপুরে মানববন্ধন করেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরাও গতকাল কর্মবিরতি পালন করেছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরাও কর্মবিরতি পালন করেছেন।
পাবনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল হাসপাতালের সামনে মানববন্ধন করেন। নোয়াখালীতেও আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল মানববন্ধন করেছেন।