ছয় দফা দাবি আদায়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। গত শুক্রবার রাতে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে তাঁরা শনিবার থেকে কর্মবিরতি শুরু করেন।গতকাল বেলা ১১টায় ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে মৌন মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেন। তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. আরমান হোসেন জানান, হাসপাতালে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং জরুরি বিভাগসহ প্রতিটি ওয়ার্ডের সামনে পুলিশ নিয়োগ করাসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসা-কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবার একের পর এক হামলার ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও তাঁরা উদ্বিগ্ন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কয়েক দিন আগে হাসপাতাল থেকে পুলিশ ফাঁড়ি উঠিয়ে নেওয়া হয়েছে। যখনই পুলিশ সরিয়ে নেওয়া হয়, তখনই হাসপাতালে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।হাসপাতালের সহকারী পরিচালক মো. আনোয়ারুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে চিকিৎসাসেবা দিতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে পুলিশ ফাঁড়িটি পুনরায় স্থাপনে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন দিব্য জ্যোতি সাহা নামের এক স্কুলছাত্র মারা যায়। পরে ওই ছাত্রের স্বজনেরা কর্তব্যে অবহেলার অভিযোগে চিকিৎসকদের ওপর হামলা চালায়।