ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
দেশের কয়েকটি হাসপাতালে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। গতকাল সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠক শেষে তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের সাজার আদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠকে অংশ নেন ঢাকা, সলিমুল্লাহ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা। এতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।
বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিরা সার্বিক পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে হাসপাতালে অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে, সেদিকেও সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি দেন তাঁরা। অন্য সব মেডিকেল কলেজে দুপুরের আগেই কর্মসূচি প্রত্যাহার করা হলেও শের-ই-বাংলা মেডিকেল ও জিয়াউর রহমান মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী সাধারণ রোগীদের ভোগান্তি বন্ধ করতে চলমান সংকট দ্রুত নিরসনের লক্ষ্যে সব পক্ষকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়ে চার ইন্টার্ন চিকিৎসকের সাজার আদেশ প্রত্যাহারের আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি তাসনিম মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয়ের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি ও নতুন কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গত ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনকে হেনস্তা করার অভিযোগে চারজন ইণ্টার্ন চিকিৎসকের সনদ ছয় মাসের জন্য স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই চারজনকে চারটি পৃথক সরকারি হাসপাতালে ইন্টার্নশিপের বাকি অংশ শেষ করার আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে ৪ মার্চ প্রথমে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এরপর অন্য কয়েকটি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা একই রকম কর্মসূচি শুরু করেন।