ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু রোগীর স্বজনদের মারধর, কান ধরে ওঠবস করানোর পরদিন গতকাল সোমবার ঘোষণামতো নিজেদের ‘নিরাপত্তার দাবিতে’ কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে হাসপাতালের বহু রোগী দুর্ভোগে পড়েন। ২৭ ঘণ্টা পর গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।
রোগীর স্বজনকে মারধরের ঘটনার একটি ভিডিও চিত্র গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণে আপলোড করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।
নিজেদের হামলায় রক্তাক্ত হওয়া রোগীর স্বজনের বিচারসহ সাত দফা দাবিতে রোববার দুপুর সাড়ে ১২টা থেকে গতকাল বেলা সাড়ে ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন ও সমাবেশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। পরে হাসপাতাল-প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি কুতুব উদ্দিন এ কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া সফরে আসছেন। তাঁর সফরের কারণে ও হাসপাতাল প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হলে হাসপাতালের পরিচালক ও উপপরিচালককে পদত্যাগ করতে হবে।
রোগীদের দুর্ভোগ-ভোগান্তি
ইন্টার্ন চিকিৎসকদের টানা ২৭ ঘণ্টার কর্মবিরতিতে রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে ওঠে। তাঁরা জানান, রোববার থেকে চিকিৎসায় ভরসা হয়ে ওঠেন সেবিকা আর ওয়ার্ডবয়রা।
গতকাল সকাল ১০টার দিকে গাইনি বিভাগের এক রোগীর মা বলেন, মেয়েকে হাসপাতালে ভর্তি করেছেন ১৫ দিন আগে। প্রতিদিন সকালে জ্যেষ্ঠ চিকিৎসকেরা এসে খোঁজখবর নিতেন। রোববারের পর থেকে কেউ আসেননি। রাতে একজন নার্স এসে ইনজেকশন দিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীর সেবা কিছুটা ব্যাহত হয়েছে। তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।’
ক্যানসার বিভাগ লক্ষ্য করে গুলি?
কর্মবিরতি পালনকালে সকাল ১০টার দিকে হাসপাতালের অনকোলজি (ক্যানসার) বিভাগের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে জানালার কাচ ভেঙে গেছে। এ বিভাগের পাশেই ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এখানে গুলির খোসা পাওয়া যায়নি। গুলি হয়েছে কি না তা তদন্ত করে দেখতে ভাঙা কাচের টুকরো পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’