ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি চলছেই, রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এদিকে দুই দিন ধরে কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল সকালে চিকিৎসকেরা হাসপাতালে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। বেলা ১১টার দিকে তাঁরা হাসপাতালের প্রধান ফটকে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে রোগীর মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে তাঁরা মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকেরা বিভিন্ন দাবি-সংবলিত পোস্টার প্রদর্শন করেন।
মানববন্ধন চলাকালে ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রলীগ পাবনা মেডিকেল কলেজ শাখার সভাপতি আবু তোরাব বলেন, ‘চিকিৎসকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী তিন দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগীরা। জেলা শহরের পাথরতলা মহল্লার জান্নাতুল ফেরদৌস বলেন, দুই দিন আগে মামাকে নিয়ে হাসপাতালে এসেছেন। কিন্তু চিকিৎসক-সংকটে তেমন সেবা পাচ্ছেন না। জ্যেষ্ঠ চিকিৎসক ও সেবিকারা থাকলেও প্রচুর রোগীর চাপে তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক ডাকাডাকি করেও কাউকে পাওয়া যাচ্ছে না।
পৈলানপুর মহল্লার হুমায়ুন কবির বলেন, পাবনা জেনারেল হাসপাতাল এখন ইন্টার্ন চিকিৎসকদের ওপর ভরসা করেই চলে। জ্যেষ্ঠ চিকিৎসকদের খুব বেশি পাওয়া যায় না। ফলে ইন্টার্ন চিকিৎসকেরা না থাকায় খুব সমস্যা হচ্ছে। অনেক রোগী এই হাসপাতাল ছেড়ে অন্যত্র যাচ্ছেন।
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক চিকিৎসক শ্যামল কুমার বসাক বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা না থাকলে কিছু সমস্যা হবে—এটাই স্বাভাবিক। তবে আমরা রোগীদের যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করছি। সমস্যা সমাধানে ইন্টার্নদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, শিগগিরই তাঁদের কর্মবিরতি প্রত্যাহার হবে।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, ‘হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
গত রোববার রাতে পাবনা শহরের গোবিন্দা মহল্লার এক বৃদ্ধা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ রোগীর স্বজনেরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।