চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগসমর্থিত ইন্টার্ন চিকিৎসকদের দুই পক্ষে গত শুক্রবার রাতে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা গেছে, ইন্টার্ন চিকিৎসকদের একপক্ষের নেতৃত্বে আছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাকির হোসেন, ইফতেখার ও অন্যপক্ষে রয়েছেন ওমর ফারুক ও আবির। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে দুই পক্ষ। জাকির বলেন, ‘আমরা হাসপাতাল থেকে ওষুধের দালাল উত্খাত করতে চেয়েছি। এ কারণে ওমর ও আবিরেরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত একটার দিকে হাসপাতালের সামনে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের রেস্তোরাঁর সামনে ইফতেখারের সঙ্গে ওমর ও আবিরের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে ইফতেখারের পক্ষের চিকিৎসকেরা হোস্টেলে যান। কিছুক্ষণ পর ফারুক ও আবিরেরা দলবলসহ ডা. মিজান হোস্টেলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাঁরা বন্ধ কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন। পরে পুলিশ ও হাসপাতালের উপ-পরিচালক সরোজ বড়ুয়া গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘রাতে পুলিশ ও কর্তৃপক্ষের লোকজন মিজান হোস্টেলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। অন্যথায় সহিংসতার সৃষ্টি হতে পারত।’ রাতভর থেমে থেমে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এ ঘটনায় জাকিরপক্ষ গতকাল কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়। অবশ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাঁরা তা প্রত্যাহার করেন। এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। রাতে ইন্টার্ন চিকিৎসকদের দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করব।’