ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউএসটি বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের বহির্বিভাগের (বিবিএমএইচ) চিকিৎসাসেবা আজ সোমবার বেলা ১১টা থেকে বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ নানা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে এ অচলাবস্থা তৈরি হয়েছে।

ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বিবিএমএইচের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা ইন্টার্ন চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করছি, আজ বিকেলের মধ্যে এর একটা সমাধান হয়ে যাবে।’

ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে নতুন ভিসি নিয়োগ, অর্থোপেডিক ও চর্মরোগ বিভাগ চালু, ২৪, ২৫ ও ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে বিএমডিসির নিবন্ধন, হাসপাতাল এলাকায় ইন্টার্ন চিকিৎসকের হোস্টেলে পর্যাপ্ত আসনব্যবস্থা, বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের ভাতা প্রদান, চাকরির ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধ, লেকচার কক্ষের আসনসংখ্যা বাড়ানো, চিকিৎসকদের জন্য আলাদা প্রসাধন (বাথরুম) কক্ষের ব্যবস্থা, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য তহবিল প্রদান, শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা-রোগ নিরূপণ প্রভৃতি উল্লেখযোগ্য।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘আমরা এর আগেও শান্তিপূর্ণভাবে এসব দাবি-দাওয়ার কথা জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আজও শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরছি। হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য কার্যক্রম সকাল থেকে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

সরেজমিনে নগরের ফয়’স লেক এলাকায় হাসপাতালে দেখা যায়, হাসপাতালের গেটের কলাপসিবল গেট বন্ধ করে দাঁড়িয়ে আছেন ক্ষুব্ধ চিকিৎসকদের কয়েকজন। তাঁরা রোগীর আত্মীয়স্বজনের পরিচয় জেনে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছেন। হাসপাতালের সামনে দাবিদাওয়া নিয়ে স্লোগান দিচ্ছেন বাকিরা। এঁদের মধ্যে বিদেশি অনেক চিকিৎসকও রয়েছেন।

ডা. অমিত সোনি নামে নেপালি একজন চিকিৎসক বলেন, ‘এখানে বিএমডিসির কোনো নিয়মই মানা হচ্ছে না। ইন্টার্ন চিকিৎসকেরা সেভাবে কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না।’

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বিদেশি চিকিৎসক বলেন, ‘আমরা এখানে আট-নয় লাখ টাকা ডোনেশন দিয়ে ভর্তি হয়েছি। কিন্তু আমরা সে হিসেবে কোনো সুবিধা পাচ্ছি না।’

বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ থাকায় অনেকে হাসপাতাল থেকে ফিরে যান। নগরের আমবাগান এলাকা থেকে আসা আবদুল হাই বলেন, ‘আমার মাকে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না। আউটডোর বন্ধ রেখেছেন ডাক্তাররা।’