ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেছেন। গতকাল সোমবার বেলা আড়াইটা থেকে তাঁরা কাজে যোগ দিয়েছেন। সেই সঙ্গে তাঁদের দাবি অনুযায়ী ক্যাম্পাসে পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদার রহমান বলেন, ‘উল্লেখযোগ্য দাবির মধ্যে একটি দাবি পূরণ হওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’
বেলা ১১টায় কলেজ অধ্যক্ষের সম্মেলনকক্ষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাদের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইন্টার্ন চিকিৎসকদের দাবি অনুযায়ী ক্যাম্পাসে পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত হয়। সঙ্গে সঙ্গে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহারেরও ঘোষণা দেন। সভায় হাসপাতালের পরিচালক, বিএমএ ও স্বাচিপ নেতারা উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের পাশে পুলিশ বক্স নির্মাণের কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন, হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সাধারণ সম্পাদক নুরুন্নবী লাইজু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কাউন্সিলর সদস্য সৈয়দ মামুনুর রহমান উপস্থিত ছিলেন।
নিজেদের নিরাপত্তার নিশ্চয়তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা গত শুক্রবার সন্ধ্যার পর থেকে ধর্মঘট পালন করে আসছিলেন। ৭ এপ্রিল রাতে হাসপাতাল থেকে ক্যাম্পাসে অবস্থিত ইন্টার্ন হলে ফেরার পথে ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে ইন্টার্ন চিকিৎসক সুমন আলী ছিনতাইয়ের শিকার হন। এ সময় তাঁকে লাঞ্ছিতও করে দুর্বৃত্তরা। এ ছাড়া সম্প্রতি একই এলাকায় আরও সাতজন ইন্টার্ন চিকিৎসক ছিনতাইয়ের শিকার হন। এ সব ঘটনার প্রতিবাদে ও ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়।