ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছেন। চিকিৎসকদের বিরুদ্ধে করা একটি মামলা নিষ্পত্তি করতে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে গতকাল বিকেলে ধর্মঘট স্থগিত করা হয়।এর আগে ইন্টার্ন চিকিৎসকেরা সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ধর্মঘট পালন করেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক শামছুল আলম জানান, মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট স্থগিত করেন। বিকেল চারটায় তাঁরা কাজে যোগ দেন।তবে মামলার বাদী আবদুর রাজ্জাক বলেন, ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি মামলা করেছেন। মামলা প্রত্যাহারের প্রশ্নই আসে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বাজনিয়া গ্রামের ওমর ফারুক (২৮) ১৮ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরিবারের দাবি, ইন্টার্ন চিকিৎসকদের ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে।ওমর ফারুকের ছোট ভাই আবদুস সবুর অভিযোগ করেন, এ ঘটনার প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকেরা ওই দিন তাঁদের ওপর চড়াও হন। চিকিৎসকেরা একজোট হয়ে তাঁর আরেক ভাই সবুর ও ভগ্নিপতি শামসুল ইসলামসহ অন্য স্বজনদের বেদম মারধর করেন এবং তাঁদের হাসপাতালের একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চিকিৎসকেরা তাদের ওপরও চড়াও হন।এ ঘটনায় ফারুকের ভগ্নিপতি আবদুর রাজ্জাক কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের হাতে আটক ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে তাঁরাও হামলার শিকার হন।ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের দিনাজপুর শাখার সভাপতি ইফতেখার হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মৃত ব্যক্তির স্বজনেরাই উল্টো তাঁদের মারধর করেছে।হাসপাতালের পরিচালক বলেন, একজন রোগীকে মেরে ফেলার মনোভাব কখনো চিকিৎসকদের থাকে না। ভুল বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে।