ইন্টার্ন চিকিৎসকদের ১৫ দিনের আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাতা বাড়ানোর দাবিতে সারা দেশে বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তিন ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেন। ছবিটি আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

ভাতা বাড়ানোর দাবিতে সরকারকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তাঁরা এই ঘোষণা দেন।

দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

কমপক্ষে ২০ হাজার টাকা ভাতার দাবিতে আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন গতকাল শনিবার এ প্রতীকী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি সুব্রত নাগ বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রয়োজনে তাঁরা লাগাতার ধর্মঘটে যাবেন।

ইন্টার্ন চিকিৎসকেরা বলছেন, ২০০৯ সাল থেকে তাঁরা ১০ হাজার টাকা ভাতা পেয়ে আসছেন। বর্তমান বাজারে এত অল্প টাকায় তাঁরা চলতে পারছেন না। তাঁরা কমপক্ষে ২০ হাজার টাকা ভাতা দাবি করছেন।

তাঁদের ভাষ্য, ইন্টার্ন চিকিৎসকদের সপ্তাহে কমপক্ষে ৭২ ঘণ্টা কাজ করতে হয়। এর বাইরে ওয়ার্ড থেকে রোগীর যেকোনো প্রয়োজনে তাঁদের ডাক পড়ে। সবকিছু বিবেচনায় নিয়ে সরকারের উচিত তাঁদের দাবি মেনে নেওয়া।

ভাতা বাড়ানোর দাবিতে সারা দেশে বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তিন ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেন। ছবিটি আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
ভাতা বাড়ানোর দাবিতে সারা দেশে বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তিন ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেন। ছবিটি আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা গতকাল বলেন, ২০০৬ সালে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ছিল ৬ হাজার ৮০০ টাকা। অনেক দেনদরবারের পর ২০০৯ সালে ভাতার পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়। এ বছরের মে মাস থেকে তাঁরা ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুরোধ করে আসছেন। কিন্তু সরকার সাড়া দিচ্ছে না।

দেশে সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ৪ হাজার। আর বেসরকারি হাসপাতালে আছেন ৩ হাজার। সবাই এ আন্দোলনের সঙ্গে আছেন বলে দাবি করেছেন নেতারা।

এদিকে ভাতা বাড়ানোর দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

খুলনা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হাসান বলেছেন, কর্মবিরতির কারণে রোগীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি স্কোয়াড প্রস্তুত রেখেছেন।

তিনি বলেন, ১৫ দিনের মধ্যে ভাতা বাড়ানো না হলে ইন্টার্ন চিকিৎসকেরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।