ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার প্রতিবাদে এবং কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ওই হাসপাতালসহ ছয়টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। গতকাল শনিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে লাগাতার কর্মবিরতি চলাকালে ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল হাসপাতাল চত্বরে মানববন্ধন, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। ৭২ ঘণ্টার মধ্যে চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
বগুড়ার ঘটনায় খুলনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজসহ তিনটি বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরাও গতকাল থেকে কর্মবিরতি পালন করেন। তবে এসব মেডিকেল কলেজ ও হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে সেবা কার্যক্রম বিঘ্ন হচ্ছে না। চিকিৎসকেরা এ ব্যাপারে তৎপর রয়েছেন।
গতকাল চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রোগীদের জিম্মি করে ধর্মঘটকে সমর্থন করা যায় না। এটা দুঃখজনক। আশা করি, ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের ভুল বুঝতে পারবেন।’
অন্যদিকে বিএমএ মহাসচিব মো. এহতেশামুল হক বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার অধিকতর তদন্তের দাবি করেছেন। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত যকৃতের রোগের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব দাবি জানান।
সম্প্রতি রোগীর আত্মীয় প্রহৃত হওয়ার ঘটনায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের পেশাগত সনদের কার্যকারিতা ছয় মাস স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থগিতাদেশ শেষে তাঁদের চারজনকে চারটি আলাদা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের বাকি অংশ সম্পন্ন করতে হবে।