ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। ছবিটি হাসপাতালের সামনে থেকে তোলা l প্রথম আলো
ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। ছবিটি হাসপাতালের সামনে থেকে তোলা l প্রথম আলো

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হাতে ইন্টার্ন চিকিৎসক আহত হওয়ার অভিযোগে গত সোমবার রাত থেকে ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘটে যান।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেন। এদিকে অভিযুক্ত রোগীর স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকেরা। হাসপাতালে তাঁদের নিরাপত্তা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তাঁরা।
আহত ইন্টার্ন চিকিৎসকের নাম আবু নাঈম পরাগ। গ্রেপ্তার হওয়া রোগীর স্বজনের নাম জিমি (৩১)। তাঁর বাড়ি নগরের অলকার মোড় এলাকায়। সোমবার রাতেই নগরের রাজপাড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হাসপাতালের উপপরিচালক সিরাজুল করিম বলেন, সোমবার সন্ধ্যার দিকে ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন তাঁকে ধাক্কা দেওয়ার অভিযোগ আনেন ইন্টার্ন চিকিৎসক আবু নাঈম পরাগের বিরুদ্ধে। চিকিৎসকের সঙ্গে রোগীর ওই স্বজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন মিলে ইন্টার্ন চিকিৎসককে কিলঘুষি মারেন। এতে চিকিৎসক আহত হন।
উপপরিচালক আরও বলেন, এ ব্যাপারে রাতেই রাজপাড়া থানায় মামলা করা হয়েছে। রাত আটটার দিকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। তাঁরা বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের নামে মামলা করে তাঁদের গ্রেপ্তার করা হবে। কিন্তু ধর্মঘটে যাওয়ার কোনো ঘোষণা তাঁরা রাতে দেননি। গতকাল মঙ্গলবার সকালে খোঁজ নিয়ে জেনেছেন, তাঁরা কেউ কাজে আসেননি।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের জরুরি বিভাগের ফটক বন্ধ করে দিয়ে সেখানে জমায়েত হতে শুরু করেন। এ সময় রোগী নিয়ে আসা স্বজনেরা বিপাকে পড়েন। তাঁরা হাসপাতালে চিকিৎসা না নিয়ে বাইরে থেকেই চলে যান। বেলা একটার দিকে তাঁরা মিছিল নিয়ে নগরের লক্ষ্মীপুরের দিকে যান। সেখান থেকে এসে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র রায়হান শরীফ তাঁদের কর্মসূচি ঘোষণা করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কাজে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন। বেলা দুইটার দিকে তাঁরা কর্মসূচি শেষ করে চলে যান।
কেন জামাত খানের বিচার চান মুঠোফোনে জানতে চাইলে রায়হান শরীফ বলেন, জামাত খান বাজারে সমাবেশ করে চিকিৎসকদের বিরুদ্ধে এমন অশ্লীল বক্তব্য দিয়েছেন, যা রীতিমতো মানহানিকর।
মানুষের মৌলিক অধিকারের জন্য আন্দোলন করছেন জানিয়ে জামাত খান প্রথম আলোকে বলেন, সংকটাপন্ন রোগীদের নিয়ে স্বজনেরা হাসপাতালে চিকিৎসাসেবার জন্য আসেন। তাঁরা কখনোই চিকিৎসককে মারার মানসিকতা নিয়ে আসেন না। চিকিৎসায় অবহেলা করা হলে কেউ হয়তো প্রতিবাদ করেন, তখনই তাঁদের পিটিয়ে পুলিশে দেওয়া হয়। এটাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রোগীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আর
একজন আসামি পলাতক রয়েছেন। জিমি দাবি করেছেন, তাঁর স্ত্রীর ‘ব্লিডিং’ হচ্ছিল। চিকিৎসা হচ্ছিল না। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়েছিল।
ইন্টার্ন চিকিৎসক ছাড়া কীভাবে হাসপাতাল চালাচ্ছেন জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, অনারারি মেডিকেল অফিসার, ইনডোর মেডিকেল অফিসার ও সিএ রেজিস্ট্রারদের দিয়ে আপাতত হাসপাতাল চালানো হচ্ছে।
এর আগে গত ১৩ নভেম্বর রাজশাহীর পবা উপজেলার মদনহাটি গ্রামের এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘাত দেখা দেয়। ওই দিন মৃত ব্যক্তির লাশ মর্গে পাঠিয়ে তাঁর ছেলে ও জামাতাকে পুলিশে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর দুদিন পরেই হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে নাটোরের এক রোগীর দুই স্বজনকে একইভাবে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।